গুলিবিদ্ধ ২ লাশ উদ্ধারের দাবি পুলিশের, পরিবারের বক্তব্য ভিন্ন
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০ | ২২:২০ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০ | ২২:২২
সোনাগাজী উপজেলার উত্তর মঙ্গলকান্দি গ্রামের একটি ব্রিকফিল্ডের কাছে বৃহস্পতিবার রাতে দুই ব্যাক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে নিহত একজনের পরিবারের দাবি, রাতে গ্রেপ্তারের পর ভোরে তার মৃত্যুর খবর পান তারা।
সোনাগাজী মডেল থানার ওসি মাইন উদ্দিন সমকালকে বলেন, মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের বিসমিল্লাহ ব্রিকফিল্ড এলাকায় দু'দল ডাকাতের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দুই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। উদ্ধার করে তাদের সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তাদের লাশ ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি জানান, ঘটনাস্থল থেকে ২টি একনলা বন্দুক, ১ রাউন্ড তাজা গুলি ও ৮ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
নিহত একজনের নাম শরিফ। তার বাড়ি আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামে। অপর ব্যক্তির নাম নিশান। তার বাড়ি নবাবপুর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায়।
নিহত শরিফের বাবা ওবায়দুল হক সমকালকে বলেন, বৃহস্পতিবার ফেনী আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় শরীফ। পরে জানতে পারি পুলিশ তাকে গ্রেফতার করেছে। শুক্রবার সকালে তার মৃত্যুর খবর পাই।
- বিষয় :
- সোনাগাজী
- লাশ উদ্ধার
- গোলাগুলি
