ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

স্থাপত্য

রাজসিক সৌন্দর্যের শশীলজ

রাজসিক সৌন্দর্যের শশীলজ
×
×

ময়মনসিংহ শহরের ঐতিহ্যবাহী শশীলজ নজর কাড়ে দর্শনার্থীদের সমকাল

মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ০৩ নভেম্বর ২০২২ | ১৩:৪৯

যান্ত্রিক শহরের কোলাহলে ক্লান্ত। অবসাদে মন বিষণ্ণ। আপন মুগ্ধতা দিয়ে নিমেষে এসব দূর করে দিতে যেন অপেক্ষায় থাকে শশীলজ। ময়মনসিংহ নগরীর এই প্রাচীন স্থাপত্যে রয়েছে চোখ জুড়ানো সব আয়োজন। জমিদার আমলের বিরল সব স্থাপত্য, জাদুঘরের ঐতিহাসিক জিনিসপত্র, প্রবেশমুখে মার্বেল পাথরের ভেনাস মূর্তি, বিশাল দিঘি, স্নানঘর, সবুজে ছাওয়া চারদিকে শুধু প্রশান্তি আর মুগ্ধতা।

প্রতিদিনই এই সৌন্দর্য দেখতে ভিড় বাড়ছে দর্শনার্থীর। অবসাদ নিয়ে তাঁরা শশীলজে প্রবেশ করলেও ফিরে যান প্রশান্তি নিয়ে। প্রতিদিন গড়ে ৭০০ মানুষ আসেন শশীলজে। আসেন বিদেশিরাও। পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে জাদুঘর সংস্কার করে শশীলজকে আরও দৃষ্টিনন্দন করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রত্নতত্ত্ব বিভাগ বলছে, সংস্কার ও সৌন্দর্য বাড়াতে প্রকল্প প্রক্রিয়াধীন।

ময়মনসিংহ শহরের জিরো পয়েন্টে শশীলজ। ব্রহ্মপুত্র নদের কাছেই এই স্থাপনা মুক্তাগাছার জমিদার মহারাজ শশীকান্ত আচার্যের বাড়ি। ১৯৫২ সাল থেকে শশীলজটি নারী শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহূত হয়ে এলেও ২০১৫ সালের ৪ এপ্রিল জাদুঘর স্থাপনের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তর অধিগ্রহণ করে। ২০১৯ সালের সেপ্টেম্বরে সংস্কার শেষে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শশীলজ প্রাসাদ ও জাদুঘর।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের ঠিক বিপরীতে শশীলজ। সরেজমিন দেখা যায়, প্রাসাদের প্রধান ফটক পার হতেই আগতদের অভ্যর্থনা জানান গ্রিক দেবী ভেনাসের স্বল্পবসনা স্নানরত মূর্তি। ফটক থেকেই দুই দিকে রাস্তা মিলেছে প্রাসাদের মূল ভবনে। মাঝখানে বাগান, চারপাশে সবুজের সমারোহ ব্যাকুল হৃদয়কেও স্থির করে দেয়। প্রাসাদের মার্বেল পাথর, কারুকার্য, শৈল্পিক সব জিনিসপত্র চোখকে দেয় প্রশান্তি। প্রতিটি ঘরে থাকা ঝাড়বাতি এনে দেয় ভিন্ন অনুভূতি।

মদনবাবু রোডের ময়মনসিংহ জাদুঘর স্থানান্তর করে প্রাসাদের তিনটি কক্ষে রাখা হয়েছে। এখানে স্থান পেয়েছে মুক্তাগাছা, গৌরীপুর ও ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী জমিদার পরিবারের ব্যবহূত বিভিন্ন আসবাব, পেইন্টিং, তৈজসপত্র, কষ্টিপাথরের বিষুষ্ণমূর্তি, প্লাস্টার অব প্যারিস মূর্তি, হাতি, মহিষসহ বিভিন্ন প্রাণীর শিং। প্রাসাদের মূল ভবনের ঠিক পেছনে বিশাল পুকুর। মার্বেল পাথরের পুকুরঘাটে রয়েছে নারীদের বিশাল স্নানঘর ও সুড়ঙ্গ। ধারণা করা হয়, এই সুড়ঙ্গপথে মুক্তাগাছা যাওয়ার ব্যবস্থা ছিল।

কক্সবাজারের সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার নুরুল আমিনের বাড়ি চাঁদপুরে। স্ত্রী মুসলিমা আক্তারের বাড়ি জামালপুরে। আড়াই বছরের ছেলে আবদুল্লাহসহ শশীলজে বেড়াতে এসেছেন এ দম্পতি। নুরুল আমিন বলেন, 'ঐতিহ্যবাহী সৌন্দর্যে মুগ্ধ না হয়ে উপায় নেই। এত সুন্দর- দেখলেই মনে প্রশান্তি আসে।' প্রাসাদের ভেতরে আগতরা ছবি তোলেন, স্মৃতি ধরে রাখেন।

জানা গেছে, মুক্তাগাছার জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরী ৯ একর জমির ওপর দ্বিতল ভবন নির্মাণ করেন। দত্তক ছেলে শশীকান্ত আচার্য চৌধুরীর নামে এই ভবনের নাম রাখেন শশীলজ। ঐতিহাসিক ভবনটি ১৮৯৭ সালের ১২ জুন গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পে বিধ্বস্ত হয়। ১৯০৫ সালে ঠিক একই স্থানে নতুনভাবে শশীলজ নির্মাণ করেন পরবর্তী জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী। ১৯১১ সালে নবীন জমিদারের প্রয়াসে শশীলজ হয়ে ওঠে অনিন্দ্য সুন্দর, অপরূপ।
শশীলজ জাদুঘরের কর্মকর্তা সাবিনা ইয়াসমিন বলেন, 'জাদুঘরে প্রতিনিয়ত দর্শনার্থী বাড়ছে। ছুটির দিনে দেশি-বিদেশিরা রীতিমতো ভিড় করেন। সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, দর্শনার্থীদের বসার ব্যবস্থা করতে প্রকল্প হাতে নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। সেটি বাস্তবায়নের পর দর্শনার্থী আরও বাড়বে।'


আরও পড়ুন

×