বরিশালে মাদকের আখড়া থেকে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ০৮:১৫
ইয়াবা সেবনরত অবস্থায় মাদকের আখড়া থেকে বরিশাল মহানগরের ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগলুল মোরশেদ প্রিন্সকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে নগরীর শেরেবাংলা মেডিকেল কলেজের পিছনের সড়কে ওই আখড়ায় অভিযান চালিয়ে মাদকের আখড়ার মালিক রিয়াজ (৪৩) ও সুজনকেও (৪২) গ্রেপ্তার করা হয়।
শনিবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ওই তিনজনকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক পলি আফরোজ তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
শনিবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ওই তিনজনকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক পলি আফরোজ তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতান জানান, রিয়াজের স্টিল আলমিরা কারখানার মধ্যে মাদক সেবন ও কেনা-বেচা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে সেখানে অভিযান চালানো হয়। ৩১ পিস ইয়াবাসহ আটক করা হয় তিনজনকে। এ ছাড়া কারাখানার মধ্যে কয়েকটি কক্ষ থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। আটক তিনজন মাদক সেবন ও কেনা-বেচার সঙ্গে জড়িত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
স্থানীয়রা জানান, স্টিল আলমিরা কারখানার মালিক আব্দুল্লাহ আল রিয়াজ নগরীর চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগে প্রাইভেটকারে করে ফেন্সিডিলের বিশাল একটি চালান বরিশালে নিয়ে আসার সময় রিয়াজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিল। জামিনে বেরিয়ে আবার মাদক ব্যবসা শুরু করে সে। মাদক ব্যবসা চালাতে সহায়তা করতেন ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগলুল মোর্শেদের মতো রাজনৈতিক প্রভাবশালীরা।
কোতয়ালী মডেল থানা পুলিশের ওসি নুরুল ইসলাম জানান, ইয়াবাসহ আটক তিন ব্যক্তির বিরুদ্ধে উপ-পরিদর্শক টিপু সুলতান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেছেন।
