দেশের উন্নয়ন হয়েছে, তবে বৈষম্য আকাশ সমান: মেনন
রাজশাহীর বিভাগীয় জনসভায় বক্তব্য রাখেন মেনন- সমকাল
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:২৯
বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, দেশের অনেক উন্নয়ন হয়েছে, তবে বৈষম্য আকাশ সমান রয়ে গেছে। দেশে যে উন্নয়ন হয়েছে সে উন্নয়ন কারা করেছে? এই উন্নয়ন করেছে আমার কৃষক ভাইয়েরা। অথচ তারা ধানের দাম পায় না, শ্রমিক মজুরীর দাম পায় না। গত ১০ বছরে দেশে দশবার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। বিদ্যুতের উৎপাদন বাড়লেও এত দাম কেন বাড়ছে?
শনিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওয়াকার্স পার্টির রাজশাহী বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
ওয়ার্কার্স পার্টির বিভাগীয় সমাবেশের প্রধান অতিথি রাশেদ খান মেনন বলেন, আমরা যখন এগিয়ে যাচ্ছি তখন একের পর এক বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। ২০০৬ সালে আমাদের বিদ্যুৎ ছিল ২৮’শ মেগাওয়াট। এখন দেশে বিদ্যুৎ ২২ হাজার মেগাওয়াট। দেশ উন্নয়ন হয়েছে এতে কোন সন্দেহ নেই। দশবার তাদের ঘাড়ে বিদ্যুতের দাম চাপিয়ে দেওয়া হয়েছে। কর্তারা বলেন, এই দাম নাকি সামান্য, সয়ে নিন। আমরা সয়ে নিয়েছিলাম। আমি সংসদে দাঁড়িয়ে বলেছি বিদ্যুৎ গ্যাসের দাম বাড়ানোর কোন যৌক্তিকতা নেই। এর কোনো উত্তর পাইনি এখনও।
তিনি আরও বলেন, ব্যাংক লুট হয়েছে। ব্যাসিক ব্যাংক খালি হয়েছে। এর টাকা কোথায় যায়? সব পাচার হয়ে যায়। সংসদে ঋণ খেলাপিদের নাম প্রকাশ করা হয় কিন্তু আমি সংসদে বলেছিলাম- অর্থ পাচারকারীদের নাম প্রকাশ করা হোক। করেনি, কারণ এখানে অনেকের নাম বেরিয়ে আসবে যাদের নাম প্রকাশ করার কেউ নেই। আজ দেশে অভিযান চালানো হচ্ছে। এখানে কাউকে ধরা হলে বলে দল এর দায় নেবে না। দল কোন দায় নেবে না কেন? দলের নাম নিয়ে দাপিয়ে বেড়াবেন, অপকর্ম করবেন আর ধরা পড়লে দল দায় নেবে না?
মুজিবর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র সেই দেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাই। কিন্তু তিনি আসছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত-পাকিস্তান সৃষ্টি হয়। বঙ্গবন্ধু সেই তত্ত্ব থেকে বেরিয়ে অসাম্প্রাদায়িক বাংলাদেশ গঠনে লড়াই করেছেন এবং জয়ীও হয়েছেন। কিন্তু ভারতে আজ দেখছি দাঙ্গা শুরু হয়েছে। সেখানে সংখ্যালঘুদের ওপর হামলা চালানো হচ্ছে। আমরা সেটি চাই না। আমরা ভারতের প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানাব- মুজিববর্ষে বঙ্গবন্ধুর যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ দিয়েছেন মোদিও তেমন দেশ তৈরি করবেন।
সমাবেশে প্রধান বক্তার আলোচনায় ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, আজকে ব্যাংকে মানুষ টাকা রাখতে পারে না। কারণ তা ফেরত পাবে না। কৃষকদের তাদের ক্ষেত পাহারা দিতে হয়। মানুষের অর্থনীতি নিরাপদ নয়। উন্নয়নের সঙ্গে কৃষিজমিকেও রক্ষা করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তরুণ সম্পদকে কাজে কাজে লাগাতে হবে। নদী রক্ষা করে উন্নয়ন করতে হবে।
ওয়াকার্স পার্টির রাজশাহী মহানগর শাখার সভাপতি লিয়াকত আলী লিকুর সভাপতিত্বে এতে সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
- বিষয় :
- রাজশাহী
- ওয়াকার্স পার্টি
- রাশেদ খান মেনন
