কুয়াকাটায় আবাসিক হোটেলে তরুণীর লাশ, সঙ্গী পলাতক
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০২০ | ০১:০০
কুয়াকাটায় আবাসিক হোটেল হলিডে ইন থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে ওই হোটেলের ২০৮ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করে মহিপুর থানা পুলিশ। ঘটনার পর তার সঙ্গী তরুণটি পালিয়েছে।
মহিপুর থানার এসআই সাইদুর জানান, গত শনিবার স্বামী-স্ত্রী পরিচয়ে হলিডে ইন হোটেলে ওঠেন ওই তরুণ-তরুণী। তরুণটি হোটেলে রেজিস্ট্রি খাতায় নিজের নাম লেখেন- রাজ্জাক (২৫), পিতা মো. হানিফ সরদার, মাতা মোসা. লায়লা বেগম, ডাকঘর ও থানা বুড়িহাট, জেলা কেশবপুর। বাস্তবে পুলিশ ওই ঠিকানায় যোগাযোগ করে ওই নামের কাউকে খুঁজে পায়নি।
হলিডে ইনের ব্যবস্থাপক সোহাগ বলেন, ওই দু'জন শনিবার দম্পতি পরিচয় দিয়ে হোটেলের ২০৮ কক্ষে ওঠেন। তবে হোটেল রেজিস্ট্রারে রাজ্জাক সঙ্গীর নাম উল্লেখ করেন জিন্নাত। তবে তরুণীর বিস্তারিত পরিচয় উল্লেখ করা হয়নি। এ ব্যাপারে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কাউকে আটক করেনি। রাজ্জাক কখন পালিয়েছে সে সম্পর্কে কোন তথ্য জানাতে পারেনি হোটেল কর্তৃপক্ষ।
মহিপুর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, তরুণীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, সোমবার রাতের যে কোনো সময় এ ঘটনা ঘটেছে। লাশ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
- বিষয় :
- লাশ উদ্ধার
- আবাসিক হোটেল
- কুয়াকাটা
