ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

দুদকের মামলায় সাবেক এমপি আউয়াল স্ত্রীসহ কারাগারে

দুদকের মামলায় সাবেক এমপি আউয়াল স্ত্রীসহ কারাগারে
×

আদালত প্রাঙ্গণে পিরোজপুর-১ আসনের সাবেক এমপি একেএমএ আউয়াল

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২০ | ০২:৪৪ | আপডেট: ০৩ মার্চ ২০২০ | ০৩:৫২

পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনকে দুদকের মামলায় জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে আসামিদের জামিনের এক আবেদন নাকচ করেন জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান। 

দুদকের আইনজীবী মনসুর উদ্দিন হাওলাদার বলেন, আউয়ালের বিরুদ্ধে জেলার নাজিরপুর থানার সামনে ও উপজেলা সদরের ভূমি অফিসের পেছনের সরকারি জমি দখল করার অভিযোগ রয়েছে। এই অভিযোগে গত ৩০ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক পরিচালক মো. আলী আকবর আউয়ালের বিরুদ্ধে তিনটি মামলা করেন।  

এসব মামলায় তারা গত ৭ জানুয়ারি হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন পান। মঙ্গলবার নিম্ন আদালত তাদের জামিন বর্ধিত না করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের এ আদেশের প্রতিবাদে আউয়ালের সমর্থক আইনজীবীরা এজলাসে হট্টগোল করেন এবং জেলা জজের আদালত বর্জনের ঘোষণা দেন। 

জামিনের আবেদন নাকচের খবরে পিরোজপুর-হুলারহাট সড়ক, পিরোজপুর-পাড়েরহাট সড়কসহ শহরের প্রধান প্রধান সড়কে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। শহরে খণ্ড খণ্ড মিছিল বের হয় এবং দোকানপাট বন্ধ হয়ে যায়। 

সকাল থেকে আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পুলিশ ও র‌্যাবের কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরী করা হয়। এ ছাড়া শহরের প্রধান প্রধান সড়কে পুলিশ পাহারা জোরদার করা হয়েছে। 

আরও পড়ুন

×