ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ
পুলিশের বিরুদ্ধে মামলা করে ১৩ দিন পর প্রত্যাহারের আবেদন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৩ মার্চ ২০২০ | ০৯:১৫ | আপডেট: ০৩ মার্চ ২০২০ | ০৯:২০
চট্টগ্রামে ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলা করার ১৩ দিনের মাথায় তা প্রত্যাহারের আবেদন করেছেন বাদী। নগরীর বায়েজিদ থানার ওসি প্রিটন সরকার, সাবেক ওসি আতাউর রহমান খোন্দকারসহ সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলা করেন ব্যবসায়ী মো. ইয়াছিন।
মঙ্গলবার তিনি মামলাটি প্রত্যাহারের আবেদন জানান। আদালত আবেদন গ্রহণ করে আগামী ২ এপ্রিল আদেশের দিন ধার্য করেছেন।
বাদীর আইনজীবী শহীদুল ইসলাম সুমন বলেন, ইয়াছিন নগরীর মেসার্স ইয়াছিন এন্টারপ্রাইজের মালিক। খুলশীতে তার ব্যবসায়িক কার্যালয়। তিনি ইট, বালু, রড ও সিমেন্টের ব্যবসা করেন। উভয় পক্ষের মধ্যে বিষয়টি আপস-মীমাংসা হয়ে যাওয়ায় মামলা প্রত্যাহারের আবেদন করা হয়েছে। মামলায় অন্য আসামিরা হলেন- বায়েজিদ থানার এসআই মো. আফতাব, এএসআই মো. ইব্রাহিম ও মিঠুন নাথ, কনস্টেবল রহমান ও সাইফুল।
মামলা সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সকালে ইয়াসিনকে এসআই আফতাবসহ অন্য আসামিরা ধরে বায়েজিদ থানায় নিয়ে যান। পরে তাকে আটকে রেখে ২০ লাখ টাকা দাবি করা হয়। একপর্যায়ে টাকা না দিলে ক্রসফায়ারে মেরে ফেলার হুমকি দেন তারা। পরে ১১ লাখ টাকা দিলে ছেড়ে দেন। অপহরণ করে টাকা নেওয়ার ঘটনা কাউকে জানালে গুলি করে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাদীকে ফের তুলে মাইক্রোবাসে করে নির্জন এলাকায় নিয়ে ৫০ লাখ টাকা দাবি করেন আসামিরা। এ টাকা না দিলে আবারও তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এবার ১২ লাখ টাকা দিলে তাকে আতুরার ডিপো এলাকায় নামিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় আইজিপি বরাবর অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় গত ১৯ ফেব্রুয়ারি তিনি আদালতে মামলা করেন। আদালত তা আমলে নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনারকে (প্রশাসন ও অর্থ) নিজে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
