ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

খাগড়াছড়িতে সংঘর্ষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

খাগড়াছড়িতে সংঘর্ষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
×

ছবি: সমকাল

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২০ | ২৩:৪৫ | আপডেট: ০৪ মার্চ ২০২০ | ০১:৫৭

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিজের বাগানের গাছ কাটাকে কেন্দ্র করে বিজিবি সদস্য ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে বিজিবির গুলিতে একই পরিবারের তিনজনসহ চারজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বুধবার সকালের দিকে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দিন ভূঁইয়া।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাটিরাঙা সার্কেল) মো. খোরশেদ আলম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো. আলাউদ্দিন লিটন ও মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. এমরান হোসেন উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সোয়া আটটার দিকে চার নিহতের মরদেহবাহী এ্যাম্বুলেন্স গাজীনগর পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়। কান্নার রোল ওঠে পুরো গাজীনগরে। মরদেহ দেখতে বিভিন্ন বয়সী নারী পুরুষ জড়ো হয় নিহতদের বাড়িতে। সর্বত্রই শোকের ছায়া।

প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সকাল ৯টার সময় আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম নামাজে জানাজা ও সকাল ১০টার সময় ইসলামপুর জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে বটতলী কবরস্থানে মো. মফিজ মিয়াকে এবং ইসলামপুর কবরস্থানে সাহাব মিয়া ও তার দুই ছেলে আকবর আলী ও আহাম্মদ আলীকে দাফন করা হবে বলে জানান মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. এমরান হোসেন।

এর আগে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার রাতেই বড়গুনার বেতাগী উপজেলার দক্ষিণ বাসন্ডা গ্রামের বাড়িতে পাঠানো হয়ে নিহত বিজিবি সদস্য মো. শাওন খান এর মরদেহ।

প্রসঙ্গত, মঙ্গলবার নিজের বাগানের গাছ কাটাকে কেন্দ্র করে মাটিরাঙার গাজিনগরে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটে। এ সময় বিজিবি সদস্যরা গুলি করলে ঘটনা স্থলেই মারা যায় সাহাব মিয়া ও তার ছেলে মো. আকবর আলী। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় বিজিবি সদস্য শাওন, স্থানীয় আহাম্মদ আলী, মফিজ মিয়া এবং মো. হানিফ মিয়াকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে মারা যায় বিজিবি সদস্য শাওন ও আহাম্মদ আলী। এদিকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় মো. মফিজ মিয়া।

আরও পড়ুন

×