মাগুরায় ২ শিক্ষককে মারপিটের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মিল্টন- সমকাল
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ০৪ মার্চ ২০২০ | ০১:৩৭
মাগুরার শ্রীপুর উপজেলায় দুই শিক্ষককে মারপিটের অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মিল্টনের বিরুদ্ধে।
সোমবার দুপুরে উপজেলার বাখেরা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, স্থানীয় সব্দালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান দুই মেয়াদে বাখেরা ম্যাধমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। মেয়াদ শেষ হওয়ায় সোমবার অভিভাবক ও এলাকাসী মুসফিকুর রহমানের (চাচাতো) বড় ভাই লিয়াকত আলীকে নতুন সভাপতি নির্বাচিত করেন। এ ঘটনায় ক্ষুব্দ হয়ে মুসফিকুর রহমান স্কুল এসে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক জিয়াউর রহমান জুয়েলকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মাপিট শুরু করেন। এক পর্যায়ে মিল্টন সহকারী শিক্ষকের মুখের দাড়ি পর্যন্ত টেনে ছিড়ে ফেলেন।
মঙ্গলবার বিকেলে সরেজমিনে গিয়ে জানা যায়, প্রধান শিক্ষক দীপক কুমার মিত্র এলাকা থেকে গাঁ ঢাকা দিয়েছেন। তবে রাতে মোবাইল ফোনে তাকে মারপিটের কথা স্বীকার করলেও এ বিষয়ে তার বিচার চাওয়ার সাহস নেই বলে জানান।
এদিকে মুসফিকের ভয়ে, এ বিষয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। তবে জিল্লুর রহমান বাদশা নামে এলাকার এক প্রাক্তন শিক্ষক, দুই শিক্ষককে মারপিট ও দাড়ি টেনে ছিড়ে ফেলার বিষয়টি স্বীকার করেছেন।
তবে অভিযুক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মিল্টন মারপিটের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি শিক্ষকদের গালমন্দ করেছেন। তবে মারপিট করেননি।
