সুহৃদ সমাবেশের উদ্যোগে ৫ শ’ শিক্ষার্থীর দৃষ্টি পরীক্ষা
শিক্ষার্থীদের দৃষ্টি পরীক্ষা- সমকাল
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ মার্চ ২০২০ | ০৩:২৩
মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জ সদর উপজেলার চরবয়রা-ঘোনাপাড়া উচ্চ বিদ্যালয়ের ৫ শ’ শিক্ষার্থীর দৃষ্টি পরীক্ষা করা হয়েছে।
বুধবার দিনব্যাপী গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল, সমকাল সুহৃদ সমাবেশ ও অরবিসের শিক্ষার্থীদের চক্ষু পরীক্ষা কর্মসূচির আওতায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের চক্ষু পরীক্ষা করা হয়।
পরে ব্যবস্থাপত্র অনুযায়ী শিক্ষার্থীদের হাসপাতালের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ ও চশমা দেওয়া হয়। এছাড়া ক্যাম্প থেকে উন্নত চিকিৎসার জন্য ৫০ শিক্ষার্থীকে বাছাই করা হয়। তাদের হাসপতালে এনে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
চরবয়রা ঘোনাপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শ্যামল, আশামনি ও রুহানী জানান, চক্ষু হাসপাতালের একদল চিকিৎসক আমাদের স্কুলে এসে মুজিববর্ষ উপলক্ষে আমাদের দৃষ্টি পরীক্ষা করেছে।
প্রোগ্রাম কো-অর্ডিনেটর দীপক সরকার বলেন, স্কুল শিক্ষার্থীদের চোখের দৃষ্টি পরীক্ষা কর্মসূচির আওতায় মুজিববর্ষে জেলার সব স্কুলের শিক্ষার্থীদের চক্ষু পরীক্ষা করা হবে। দৃষ্টিশক্তি সমস্যায় আক্রান্তদের বাছাই করে হাসপতালে এনে বিনা খরচে চিকিৎসা করা হবে। এতে তারা দৃষ্টির সমস্যা থেকে মুক্তি পাবে। ভালোভাবে পড়াশোনা করতে পারবে।
হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদ বলেন, মুজিববর্ষে আমার এ নিয়ে দুই স্কুলের শিক্ষার্থীদের দৃষ্টি পরীক্ষা করেছি। এটি সব স্কুলে করতে পারলে স্কুলের শিক্ষার্থী ঝড়ে পড়ার হার শূন্যের কোঠায় নেমে আসবে। তারা শিক্ষার প্রতি মনোনিবেশ করে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সমৃদ্ধ জাতি গঠনে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
