কলাগাছ হেলে পড়া নিয়ে বিরোধ, ভাইয়ের হাতে ভাই খুন
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মার্চ ২০২০ | ০৪:০৬
রংপুরের মিঠাপুকুরে ভুট্টার জমিতে কলাগাছের পাতা হেলে পড়া নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই আফসার আলী (৬৮) নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আফসার আলী উপজেলার বালারহাট ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের মৃত মমিন উদ্দিনের ছেলে ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার বিকেলে ছোট ভাই দেলোয়ার হোসেনের ভুট্টাক্ষেতে আফসার আলীর কলা গাছের পাতা হেলে পড়ে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেলোয়ার হোসেন, তার স্ত্রী রেখা এবং পুত্রবধূ আতিকা বেগম লাঠি দিয়ে বড় ভাই আফসার আলীকে পেটালে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার পরপরই দেলোয়ার ও তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছেন। এ ঘটনায় নিহতের ছেলে আবদুর রহমান চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, আসামীরা পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদেরকে গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।
- বিষয় :
- সারাদেশ
- ভাইয়ের হাতে ভাই খুন
