ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

করোনা ভাইরাস মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে: শিক্ষামন্ত্রী

করোনা ভাইরাস মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে: শিক্ষামন্ত্রী
×

চাঁদপুরে জাতীয় নজরুল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দীপু মনি- সমকাল

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২০ | ০৪:১০

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, দেশে করোনা ভাইরাস সংক্রমণরোধে সরকার কাজ করে যাচ্ছেন। সরকার তার করণীয় সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছে, যদি কোন রকম সংক্রমণ ঘটে সঙ্গে সঙ্গে পরিপূর্ণ ব্যবস্থা নেওয়ার। তা যেন ছড়িয়ে না যায়। একইসঙ্গে বিদেশ থেকে যারা দেশে আসছেন তাদেরকে পরীক্ষা না করে দেশে ঢুকতে দেওয়া হচ্ছে না। যেখানে কোয়ারেন্টাইন করা প্রয়োজন সেখানে তা করা হচ্ছে। এই ভাইরাস মোকাবেলায় সরকারের অত্যন্ত ভালো প্রস্তুতি রয়েছে। কিন্তু শুধু সরকারের প্রস্তুতি থাকলেই হবে না ব্যক্তি পর্যায়ে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে।

বুধবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে ৩ দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বাংলা সাহিত্যে নজরুলের প্রভাব অনেক। বাংলার এমন কোন দিক নেই যেখানে নজরুল তার ছাপ রেখে যাননি। আমাদের মুক্তযুদ্ধেও নজরুলের অনেক ভূমিকা ছিল। তার রচিত গানের মাধ্যমে মুক্তিযোদ্ধারা অনুপ্রাণিত হয়েছে। যতদিন বাংলা থাকবে, বাঙালী থাকবে, ততোদিন নজরুল থাকবে দোর্দাণ্ড প্রতাপে।

তিনি আরো বলেন, নজরুল এ পৃথিবীতে ধর্ম-জাত, নারী-পুরুষ, ধনী-গরীব  নিয়ে যত ধরনের বিদ্বেষ আছে, যতো রকম পার্থক্য সমাজ তৈরি করে নিয়েছে সেগুলোর বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। বঙ্গবন্ধু নজরুল ভক্ত ছিলেন। তিনি রবীন্দ্র ভক্তও ছিলেন। নজরুলের গান কবিতা প্রায়শই তিনি গাইতেন। গানের সঙ্গে গলা মেলাতেন। তার ভরাট গলায় কবিতা আবৃত্তি করতেন। 

দীপু মনি বলেন, কাজী নজরুলকে জাতীয় কবির মর্যাদা দিয়ে বঙ্গবন্ধুই তাকে নিয়ে এসেছিলেন ভারত থেকে।

চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ছড়াকার-শিশুসাহিত্যিক সাবেক সচিব ফারুক হোসেন, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. আব্দুর রাজ্জাক ভূঞা, প্রকল্প পরিচালক মো. আব্দুর রহিম।

আজকে থেকে শুরু হওয়া এই সম্মেলন অনুষ্ঠিত হবে শুক্রবার পর্যন্ত। 

আরও পড়ুন

×