ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

সলংগায় পুকুর থেকে হাত-পা বাঁধা কৃষকের লাশ উদ্ধার

সলংগায় পুকুর থেকে হাত-পা বাঁধা কৃষকের লাশ উদ্ধার
×

সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২০ | ০৫:৪২

নিখোঁজের একদিন পর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুকুর থেকে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার সলংগা থানা পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় ইদ্রিস আলী (৬০) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।

নিহত ইদ্রিস এই থানার কইমাঝুরিয়া গ্রামের প্রযাত নাজির উদ্দিন সরকারের ছেলে। তিনি মঙ্গলবার ভোরে বাড়ি থেকে কাজে বেরিয়ে আর ফেরেননি। স্থানীয় লোকজন বুধবার বিকেলে ইদ্রিস আলীর লাশ পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

নিহতের ভাগ্নে মুকুল আলী জানান, তার মামা ইদ্রিস আলীকে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুঁজে বেড়াচ্ছিলেন। তবে ইদ্রিস কীভাবে মারা গেলেন তা মুকুল বলতে পারেননি। তার ধারণা শত্রুতার জেরে তার মামাকে খুন করে পুুকুরে লাশ ফেলে দেওয়া হয়।

সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা পুকুর থেকে বৃদ্ধ কৃষকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে। কীভাবে ইদ্রিস আলী মারা গেলেন পুলিশ সে ব্যাপারে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার। 



আরও পড়ুন

×