অফিস সহকারীর বিরুদ্ধে শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগ
প্রতীকী ছবি
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৪ মার্চ ২০২০ | ০৯:১৩
বগুড়ার শাজাহানপুর উপজেলায় একটি উচ্চ বিদ্যালয়ে এক সহকারী শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ওই স্কুলের অফিস সহকারীর বিরুদ্ধে।
বুধবার সকালে অফিস সহকারীর বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করেছেন নির্যাতনের শিকার শিক্ষিকা। অভিযুক্ত হারেজ উদ্দীনকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
সরেজমিনে ঘটনাটি প্রাথমিক তদন্ত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ। এছাড়া আরও তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।
হারেজ উদ্দীন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক এবং বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য।
স্কুল কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে স্কুল ভবন সংলগ্ন একটি মাটির পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম কাজ করছিল। এ সময় স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক সেখানে যান। অন্য শিক্ষকরাও ক্লাশ নিচ্ছিলেন। ঘটনার শিকার ওই সহকারী শিক্ষিকা লাইব্রেরিতে একাই বসে ছিলেন। এই সুযোগে অফিস সহকারী হারেজ উদ্দীন তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করেন।
নিজেকে বাঁচাতে ওই শিক্ষিকা অফিস সহকারী হারেজ উদ্দিনের গালে চড় মারেন এবং চেয়ার তুলে মারতে চেষ্টা করেন। পরে ওই শিক্ষিকা নিজেকে কোন রকমে বাঁচিয়ে রুম থেকে বের হয়ে যান এবং বিষয়টি তিনি প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের জানান।
এই ঘটনায় সকল শিক্ষক এবং ম্যানেজিং কমিটি তাৎক্ষনিকভাবে জরুরি বৈঠক করেন এবং ওই শিক্ষিকাকে লিখিত অভিযোগ দিতে বলেন। বুধবার সকালে ওই শিক্ষিকা প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করেন।
শাজাহানপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ জানান, ঘটনা শুনে প্রাথমিক তদন্তে সরেজমিনে ওই স্কুলে যান তিনি। সেখানে তিনি ঘটনার সত্যতা পেয়েছেন বলেও জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ এবং ম্যানেজিং কমিটির সভাপতি ইনছান আলী জানান, সহকারী শিক্ষিকা অভিযোগ দিয়েছেন। ঘটনার সত্যতা পাওয়া গেছে। অফিস সহকারী হারেজ উদ্দীনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গভীর তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তাদের দেয়া প্রতিবেদনের উপরে পরবর্তি আইনগত পদক্ষেপ নেয়া হবে।
শাজাহানপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাকিম জানান, বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করে ঘটনা তদন্ত করা হবে। সত্যতা পাওয়া গেলে হারেজের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
- বিষয় :
- ধর্ষণচেষ্টা
- বগুড়া
