সিলেটে করোনা আক্রান্ত সন্দেহে কোয়ারেন্টাইনে প্রবাসী যুবক
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৪ মার্চ ২০২০ | ২১:৪১
সিলেটে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে দুবাই ফেরত এক প্রবাসী যুবককে নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কানাইঘাট উপজেলার সুতারগ্রামের হাফিজ আলী হোসেনের ছেলে জাকারিয়া গত ২৯ ফেব্রুয়ারি দেশে ফিরেছেন।
পরিবারের বরাতে হাসপাতাল সূত্র জানায়, প্রবাসী জাকারিয়া দুবাই থেকে দেশে ফেরার পর জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত হন। এর চিকিৎসা নিতে বুধবার দুপুরে তিনি নগরীর বেসরকারি রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে তাকে ঢাকায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
কিন্তু তিনি ঢাকায় না গিয়ে নগরের একটি বাসায় অবস্থান করেন। পরে বুধবার রাত ১১টার দিকে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা নিতে যান। সেখান থেকে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টাইনের জন্য পাঠানো হয়।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, তার জ্বর এবং বিদেশফেরত হিসেবে সন্দেহ করা হচ্ছে। তাই তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেডিকেল বোর্ড গঠন করে তাকে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
- বিষয় :
- করোনাভাইরাস
- সিলেট
