ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খাল দখলমুক্ত করতে অভিযান

ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খাল দখলমুক্ত করতে অভিযান
×

রংপুর অফিস

প্রকাশ: ০৫ মার্চ ২০২০ | ০৩:০২

রংপুরের ঐতিহ্যবাহী শ্যামাসুন্দরী খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার নগরীর চেকপোস্ট এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। জেলা প্রশাসক, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে। 

অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসনের ২ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, সিটি কর্পোরেশনের উচ্ছেদ সরঞ্জমাদি ও জনবল নিয়োজিত রয়েছে। 

বিশৃঙ্খলা ছাড়াই উচ্ছেদ অভিযান সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক আসিব আহসান, সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশিদ, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটুসহ প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শ্যামাসুন্দরী খাল জরিপে ৫ মৌজার ১৭০ জন অবৈধ দখলদার চিহ্নিত করা হয়েছে। 

রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, আমাদের জরিপের কাজ সম্পন্ন হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে জরিপ কার্যক্রমে ১৭০ জন অবৈধ দখলদার চিহ্নিত করা হয়েছে। শ্যামাসুন্দরীর টেকসই উন্নয়নে পরামর্শক নিয়োগ করা হবে। আমরা আশা করছি শ্যামাসুন্দরী অভিশাপ না হয়ে নগরবাসীর কাছে আর্শিবাদে রুপ নেবে। সেজন্য পরিকল্পিত উন্নয়ন করতে চাচ্ছি। আশাকরি খালের পূর্বের অবয়বে ফিরে আসবে। 

আরও পড়ুন

×