ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

খেলার জন্য 'বাধ্য হয়ে' চাঁদা দিলেন উপজেলার সব শিক্ষক

খেলার জন্য 'বাধ্য হয়ে' চাঁদা দিলেন উপজেলার সব শিক্ষক
×

ফাইল ছবি

বামনা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২০ | ০৪:০৯ | আপডেট: ০৫ মার্চ ২০২০ | ০৪:৪১

বরগুনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টের নামে বামনা উপজেলার শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার বরগুনা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়। বামনা উপজেলা টিমের খেলা ৮ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় অংশ নেওয়ার জন্য বামনা উপজেলা টিমের খরচ মেটাতে শিক্ষকদের নিকট থেকে চাঁদা উত্তোলন অনৈতিক। জেলার অন্য কোনো উপজেলায় শিক্ষকদের কাছ থেকে এভাবে খেলার নামে জোর করে চাঁদা নেওয়া হচ্ছে না।  

অভিযোগে জানা গেছে, বামনা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রতিটি শিক্ষকের কাছ থেকে বিভিন্ন হারে চাঁদা উত্তোলন করা হচ্ছে। ২৭ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে এ চাঁদা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। 

বামনা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের ২৪২ জন শিক্ষকের কাছ থেকে ২৫০ টাকা, মাধ্যমিক বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষকের কাছ থেকে ৩০০ টাকা, উপজেলার তিনটি কলেজের ৮৭ জন শিক্ষকের কাছ থেকে ৫০০ টাকা ও বিভিন্ন মাদ্রাসার ১৬৪ জন শিক্ষকের কাছ থেকে ৩০০ টাকা করে মোট ২ লাখ ৭২ হাজার টাকা আদায় করা হয়েছে। 

বামনা পূর্বসফিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. মালেক গাজি বলেন, 'আমরা টাকা উত্তোলন করে নিজেরা জমা রেখেছি। এখনো উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে জমা দেইনি। উপজেলার সমন্বয় সভায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের বলা হয়েছে, প্রতিটি শিক্ষককে খেলার জন্য কিছু সহায়তা করতে।' 

সরকারি বামনা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, 'উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের সভাপতি যদি আমাদের কাছে একটু সহায়তা চায় তাহলে আমরা দিতে বাধ্য।' 

বামনা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নির্মল চন্দ্র শীল বলেন, 'সভায় আমাদের বলা হয়েছে ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টে বামনা উপজেলা টিমের জন্য আর্থিক সহায়তা করতে। অনেক বিদ্যালয়ের শিক্ষকরা টাকা উত্তোলন করে উপজেলার নির্বাহী কর্মকর্তার দপ্তরে জমা দিয়েছেন।' 

বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাবরিনা সুলতানা বলেন, 'ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য কারো কাছ থেকে কোন প্রকার টাকা নেওয়ার পক্ষে আমি ছিলাম না। তবে সভায় উপস্থিত সকলে ভালো মানের খেলোয়াড় দিয়ে টিম গঠন করে খেলায় অংশ নেওয়ার মত দেন।এতে অর্থের প্রয়োজন হওয়ায় উপস্থিত সকলের মতামত নিয়ে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের কাছ থেকে কিছু আর্থিক সহায়তা চাওয়া হয়েছে।'   

বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা বলেন, প্রতি দুই বছর পর পর ডিসিকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলাটি প্রতি উপজেলার জন্য ব্যয়বহুল। জনপ্রতিনিধিরাই এ সকল খেলায় ডোনেশন দিয়ে থাকে। তবে বামনায় জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয়হীনতার কারণে এ বছরের খেলায় তাদের সহযোগিতা পাওয়া যায়নি। খেলা চালিয়ে নেওয়ার জন্য শিক্ষকদের কাছে একটু সহায়তা চাওয়া হয়েছে।     

বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, 'ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টের নামে বামনায় শিক্ষকদের কাছ থেকে চাঁদা তোলার বিষয়টি আমি অবগত নই। খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।' 

আরও পড়ুন

×