যাত্রী ওঠানো নিয়ে তর্ক, অটোরিকশাচাপায় নিহত ১
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২০ | ০৪:৫৩
সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় অটোরিকশার চাপায় আরেক অটোরিকশাচালক নিহত হয়েছেন। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত মওলুদ হোসেন (৩৫) নগরীর বন কলাপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে। খবর ইউএনবির
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, সকাল ৬টার দিকে সুনামগঞ্জ থেকে যাত্রী নিয়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা মদিনা মার্কেট স্ট্যান্ডের সামনে যাত্রী নামিয়ে নতুন যাত্রী তুলছিলেন। তখন স্ট্যান্ডে থাকা স্থানীয় চালকরা তাকে বাধা দেন এবং বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুনামগঞ্জের ওই অটোরিকশাচালক মওলুদের ওপর অটোরিকশা তুলে দিলে তিনি মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনাস্থল থেকে পুলিশ হামলাকারী অটোরিকশাচালক বিশ্বনাথের কাজীরবাজার গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আবু তাহেরকে (২৭) আটক করেছে।
জেদান আল মুসা জানান, মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- সিলেট
- সড়ক দুর্ঘটনা
- নিহত
