ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

হাসপাতাল চালুর রোডম্যাপ দাবি শিক্ষার্থী-বিশিষ্টজনের

সুনামগঞ্জ মেডিকেল কলেজ

হাসপাতাল চালুর রোডম্যাপ দাবি শিক্ষার্থী-বিশিষ্টজনের
×

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থী ও নাগরিক সমাজের একাংশ। গতকাল সোমবার সকালে পৌর শহরের আলফাত স্কয়ারে -সমকাল

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ০৮:১৮ | আপডেট: ৩০ জুন ২০২৬ | ০৮:২০

| প্রিন্ট সংস্করণ

দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে পৌর শহরের আলফাত স্কয়ারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই দাবি তোলেন তারা। সেখানে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা।
বক্তারা বলেন, সুনামগঞ্জ সদর হাসপাতালে সুন্দরভাবে চিকিৎসা হচ্ছে না। একটু জটিল সমস্যা হলেই সিলেটে দৌড়াতে হয়, যা একজন দরিদ্র মানুষের জন্য খুবই কষ্টকর। জেলার চিকিৎসাব্যবস্থার উন্নয়নে সবাইকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু হলে পুরো জেলাবাসীই উপকৃত হবেন। জাতি এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের স্বার্থে দ্রুত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু করতে হবে। সুনামগঞ্জবাসীর স্বাস্থ্যসেবা পাওয়ার মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।

সুনামগঞ্জের পাঁচজন সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালু করতে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে জোর দাবি জানান। ৫০০ শয্যাবিশিষ্ট ১০ তলাবিশিষ্ট হাসপাতালটি অকারণে ফেলে রাখায় কীটপতঙ্গের বাসস্থানে পরিণত হয়েছে। শুরুতে ২০২৪ সালের ২৪ জুন, পরে ২০২৫ সালের অক্টোবরে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু করার কথা থাকলেও হয়নি। ২০২৬ সালে এসেও কর্তৃপক্ষ নানা অজুহাত দেখাচ্ছে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ তিন মাসের মধ্যে চালু করা গেলে সুনামগঞ্জ মেডিকেল কলেজ কেন এত বছরেও চালু হলো না–এমন প্রশ্ন তুলে বক্তারা বলেন, কর্তৃপক্ষের আশ্বাসের পর আশ্বাসে তাদের হতাশা ঘিরে ধরেছে। তাই দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর বিষয়ে সরকারের কাছ থেকে লিখিতভাবে রোডম্যাপ জানতে চান।
এসব দাবিতে ২১ জুন থেকে ক্লাস বর্জন করে বিক্ষোভ করে আসছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বক্তারা আরও বলেন, ক্লিনিক্যাল ক্লাস না করলে শিক্ষার্থীরা ডাক্তার হবে কীভাবে? হাসপাতালের ব্যবস্থা না করে মেডিকেল কলেজ চালু করে শিক্ষার্থী ও সুনামগঞ্জবাসীর সঙ্গে কেন প্রবঞ্চনা করা হলো? দ্রুত হাসপাতাল চালু করতে রাজপথে নামতে সুনামগঞ্জের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তারা। 

কর্মসূচিতে বক্তব্য দেন জেলা সিপিবির সাবেক সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি পঙ্কজ দে, সুনামগঞ্জ বিজ্ঞান 
ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে স্থাপন আন্দোলনের সদস্য সচিব মুনাজ্জির হোসেন সুজন, হাওর বাঁচাও আন্দোলনের জেলা সভাপতি ইয়াকুব বখত বহলুল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সেক্রেটারি খলিল রহমান, উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি জাহাঙ্গীর আলম, হাওর ও নদীরক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, মেডিকেল শিক্ষার্থী আকসা চৌধুরী, 
রেহেনা খাতুন, ফজলে ফাবিয়া সিনথিয়া, ইনহা ইব্রাহিম, সানজিদা খান ঐশী, তামিমা হোসেন, সাইদুল রহমান সাকিব, ফারজানা আহমেদ মিম, রাফাত রেজা আকাশ প্রমুখ।
 

আরও পড়ুন

×