ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ধসে পড়া সেই সড়ক নির্মাণ পরিকল্পনায় ভুল ছিল

ধসে পড়া সেই সড়ক নির্মাণ পরিকল্পনায় ভুল ছিল
×

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ০৮:২৪

| প্রিন্ট সংস্করণ

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে পড়া সেই সড়ক নির্মাণের পরিকল্পনায় ভুল ছিল বলে জানিয়েছেন এলজিইডির ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল মনজুর মো. সাদেক। গতকাল সোমবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাংবাদিকদের জানান, নকশা তৈরির পরিকল্পনায় ভুল থাকার কারণে নির্মাণকাজ শেষ হতেই সড়কটি সূতি নদীতে ধসে গেছে। ক্ষতিগ্রস্থ সড়কের অংশ স্থায়ীভাবে সংস্কার করা হবে বলে জানান তিনি। গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি-দমদমা এ সড়ক হাজারও মানুষের দীর্ঘ দিনের প্রত্যাশার প্রকল্প। জেলা শহরের সঙ্গে সহজ যোগাযোগের লক্ষ্য নিয়ে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়কটি। কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই সেই সড়ক এখন পরিণত হয়েছে উদ্বেগ আর প্রশ্নবিদ্ধ উন্নয়নের উদাহরণে। সূতি নদীর পাড়ঘেঁষা সড়কটির ৫০০ মিটারের মতো অংশ সম্প্রতি দেবে যায়। এ নিয়ে সমকালে গতকাল সোমবার ‘কাজ শেষ হতেই সড়কে ধস’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর বিষয়টি নজরে আসে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মান্নান জানান, ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল মনজুর মো. সাদেকের নেতৃত্বে ছয় সদস্যের একটি পরিদর্শন টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবারের মধ্যে প্রতিবেদন প্রকাশ করা হবে। তবে প্রাথমিকভাবে পরিকল্পনায় ভুল ছিল বলে জানানো হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, উপজেলার মানুষের দীর্ঘ দিনের যোগাযোগ দুর্ভোগ দূর করতে ২০২১ সালে রাজাবাড়ি থেকে প্রহলাদপুর ইউনিয়নের দমদমা পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়। কাজটি পায় মেসার্স সালাম ট্রেডার্স। ২০২৪ সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে সময় বাড়তে বাড়তে কাজ শেষ হয় ২০২৬ সালের শুরুর দিকে। কিন্তু কাজ শেষ হওয়ার কয়েক মাসের মাথায় ঘটে সড়ক ধসের ঘটনা।

আরও পড়ুন

×