ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

পাখিগুলো ফিরে পেল মুক্ত আকাশ, ব্যবসায়ী গেল জেলে

পাখিগুলো ফিরে পেল মুক্ত আকাশ, ব্যবসায়ী গেল জেলে
×

ভ্রাম্যমাণ আদালতের অভিযান -সমকাল

পাবনা অফিস

প্রকাশ: ১৫ মার্চ ২০২০ | ০৩:১৪

পাবনার বেড়া উপজেলায় বিভিন্ন প্রজাতির ৬৫টি বন্যপাখি উদ্ধার করেছে বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিট। শনিবার বিকেলে অভিযান চালিয়ে পাখিগুলোকে উদ্ধার করে সন্ধায় যমুনা নদীর কাজিরহাটের চরাঞ্চলে অবমুক্ত করা হয়। 

পাখিগুলো বেড়া উপজেলার নয়াবাড়ি গ্রামের লিটন মিয়া বিক্রির জন্য পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে এনেছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালত লিটন মিয়াকে (৪৫) বন্যপাখি ধরা ও ব্যবসার অভিযোগে ছয়মাসের কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা জানান, উপজেলার জাতসাকিনী ইউনিয়নের নয়াবাড়ি গ্রামের লিটন মিয়া দীর্ঘদিন ধরে বন্যপাখির ব্যবসা করে আসছিলেন। এ জন্য তিনি পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে অতিথি ও দেশি পাখি সংগ্রহ করতেন। বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিট খবর পেয়ে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকীকে অবগত করে। পরে শনিবার বিকাল পাঁচটার দিকে ইউএনও ভ্রাম্যমাণ আদালত গঠন করে বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের কর্মকর্তাদের নিয়ে লিটন মিয়ার বাড়িতে অভিযান চালান। এ সময় সেখান থেকে লিটন মিয়াকে আটক ও আট প্রজাতির ৬৫টি পাখি উদ্ধার করা হয়। উদ্ধার করা পাখির মধ্যে ১০টি সরালি, ২৫টি কালিম, ১৫টি চখাচখি, চারটি বালিহাঁস, তিনটি ডুবুরি, একটি ময়না, চারটি টিয়া, তিনটি শালিক রয়েছে। 

ইউএনও আসিফ আনাম সিদ্দিকী সমকালকে বলেন, বন্যপ্রাণি ধরা, পরিবহন ও বিক্রি আইনত অপরাধ। এ কারণে লিটন মিয়াকে ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর উদ্ধার করা বেশির ভাগ পাখি জলজ এলাকার বলে সেগুলোকে যমুনার চরে নিয়ে মুক্ত করা হয়েছে। 

আরও পড়ুন

×