ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

আওয়ামী লীগ নেতার মদের দোকানে অভিযান, আটক ৫০

আওয়ামী লীগ নেতার মদের দোকানে অভিযান, আটক ৫০
×

অভিযানে আটকদের কয়েকজন -সমকাল

পাবনা অফিস

প্রকাশ: ১৫ মার্চ ২০২০ | ০৩:৩২

লাইসেন্সের শর্ত ভঙ্গ করায় পাবনা সদরের পৌর পাথরতলা এলাকায় দেশি মদের দোকান ‘চাকী বাড়ি'তে দিনব্যাপী অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় কর্তৃপক্ষকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও অন্তত ৫০ জনকে আটক করা হয়। 

শনিবার র‌্যাব ১২ সিপিসি-২ এর পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মণ্ডল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের মধ্যে ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। দুপুর ১২ থেকে অভিযান শুরু হয়ে চলে রাত ৯টা পর্যন্ত। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মণ্ডল জানান, চাকী বাড়িতে মদ বিক্রির লাইসেন্সের শর্ত ভঙ্গ করে অপ্রাপ্ত বয়স্ক ও সাধারণ যুবকদের কাছে দেশি মদ বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়৷ এ সময় হাতেনাতে কয়েকজনকে আটক করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ অপরাধে মদের দোকানের লাইন্সের মালিক পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রলয় চাকীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লাইসেন্স ছাড়া নিয়ম নীতিবহির্ভূতভাবে মদপান ও ক্রয় করার সময় প্রায় ৫০ জনকে আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে আনা হয়। পরে আটক আটজনকে ৩৬ এর ৫ ধারায় এক হাজার টাকা করে জরিমানা ও ৪৬ জনকে ৩ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। অন্যান্য আটকরা নাবালক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয়রা অভিযোগ, দীর্ঘদিন ধরে ঘনবসতিপূর্ন এলাকাতে এই মদের দোকান চলছে। বিভিন্ন অঞ্চল থেকে এই চাকী বাড়িতে মদ কেনার জন্য যুবকরা আসে। মদ বিক্রির জন্য এলাকার পরিবেশ নষ্ট হয়েছে। যুব সমাজ মাদকাসক্ত হয়ে পড়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই চাকী বাড়িতে মদের আসর চলে। ক্ষমতাশীন দলের নেতা হওয়ার জন্য কেউ তাকে কিছু বলতে সাহস করে না। তবে এই মদের দোকান বন্ধ করে দেওয়া দরকার। তাহলে এলাকার পরিবশেসহ যুবসমাজ মাদকের হাত থেকে রক্ষা পাবে।

মদের দোকানের মালিক পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রলয় চাকী সমকাল‘কে বলেন, লাইসেন্সের শর্ত ভঙ্গ হয়নি, অভিযানের বিষয়টি সাজানো। শর্ত অনুসারে দীর্ঘদিন ধরে এই ব্যবসা পরিচালনা করে আসছি আমরা। ষড়যন্ত্রমূলক ভাবে এই অভিযান করানো হয়েছে।

আরও পড়ুন

×