ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

রাবি শিক্ষার্থীকে ফাঁসাতে গিয়ে জেলে কনস্টেবল ও ৩ কারারক্ষী

রাবি শিক্ষার্থীকে ফাঁসাতে গিয়ে জেলে কনস্টেবল ও ৩ কারারক্ষী
×

রাবি প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২০ | ১২:২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার এক আত্মীয়কে মাদক মামলায় ফাঁসানোর হুমকি ও তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে এক পুলিশ কনস্টেবল ও তিনি কারারক্ষীকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার বিকেলের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অভিযুক্তরা হলেন- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রিজার্ভ ফোর্সের কনস্টেবল সেলিম হোসেন, রাজশাহী কারাগারের কারারক্ষী অভিমন্যু, তোফায়েল ও রবিউল আউয়াল রুবেল। 

ভুক্তভোগীরা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী খুরশিদ জাহান ও তার আত্মীয় জনি। খুরশিদ জাহান জানান, শনিবার রাত ৮টার দিকে জনিকে সঙ্গে নিয়ে নগরীর টি-বাঁধ থেকে পায়ে হেঁটে ফিরছিলেন তিনি। তারা শিমলা পার্কের কাছে এলে অভিযুক্ত চার জন নিজেদের রাজপাড়া থানার পুলিশ সদস্য পরিচয় দিয়ে তাদের শরীর তল্লাশি করেন। এ সময় তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে মাদক মামলায় ফাঁসানোর হুমকি দেন তারা। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মারধরও করা হয়। এক পর্যায়ে খুরশিদ ও জনির কাছ থেকে দুই হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। ঘটনার পরপরই খুরশিদ ও জনি নগরীর রাজপাড়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন। এরপর রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত পুলিশ কনস্টেবল ও ২ কারারক্ষীকে আটক করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপর কারারক্ষীকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৪ ও ৪১১ ধারায় অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন

×