ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে কর্মকর্তাদের বিদায়ে জমকালো অনুষ্ঠান

নির্দেশ জারি করে নিজেই মানলেন না ডিসি

নির্দেশ জারি করে নিজেই মানলেন না ডিসি
×

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন -ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২০ | ১২:৫৩

করোনাভাইরাস প্রতিরোধে সরকার সভা, সমাবেশ, সামাজিক-সাংস্কৃতি অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তার মধ্যেই নারায়ণগঞ্জে জেলা প্রশাসন শুক্রবার জমকালো অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসনের চার কর্মকর্তার বিদায় উপলক্ষে রূপগঞ্জে সাবেক এক বিএনপি নেতার বাংলোতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জেলা প্রশাসনের ২৫-৩০ জনসহ প্রায় অর্ধশত লোক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের ঢুকতে দেওয়া হয়নি। এ ব্যাপারে জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, অনুষ্ঠানে করোনা প্রতিরোধে করণীয় নিয়েও আলোচনা হয়েছে।

জানা গেছে, রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের খান মঞ্জিল রিসোর্টে শুক্রবার বিকেল ৫টার দিকে শুরু হয় এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।

অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম বিল্লাহ ও রেহেনা আক্তার, সহকারী কমিশনার সারওয়াত মেহজাবিন এবং রূপগঞ্জের এসিল্যান্ড তরিকুল ইসলামের বিদায়ে এ অনুষ্ঠান করা হয়। রেওয়াজ অনুযায়ী সরকারি কর্মকর্তাদের বিদায় অনুষ্ঠান করা হয় সার্কিট হাউস অথবা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। তাও আবার কর্মদিবসে। এ ক্ষেত্রে এসবের কিছুই মানা হয়নি। উপরন্তু বর্তমান পরিস্থিতিতে জেলা প্রশাসনের এমন আয়োজন নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, রূপগঞ্জের ইউএনও মমতাজ বেগম নিজেই উপজেলার সব ধরনের সভা-সমাবেশ, ওয়াজ মাহফিলসহ জনসমাগম ঘটে- এমন অনুষ্ঠান নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন।

খান মঞ্জিল রিসোর্টের ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, সরকারি কিছু কর্মকর্তার বিদায় উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

আরও পড়ুন

×