করোনা আতঙ্কের মধ্যেই সুন্নতে খতনার অনুষ্ঠানে ৬ শতাধিক লোক
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২০ মার্চ ২০২০ | ১৩:০১
সুন্নতে খতনার বড় আয়োজন করেছিলেন শরিফুল ইসলাম। রাত থেকেই তার বাড়িতে ছিল বেশ ধুমধাম। পাঁচ-ছয়শ' আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব নিমন্ত্রণ করেছিলেন তিনি। শুক্রবার দুপুরে নিমন্ত্রিতরা কাপড়ের তৈরি প্যান্ডেলে বসে খাচ্ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বেশ কয়েকজন পুলিশ সদস্য নিয়ে হাজির হন ওই বাড়িতে। টেবিলের ওপর খাবারের প্লেট রেখেই অতিথিরা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। অবশেষে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সামাজিক এ আয়োজন করার দায়ে বাড়ির মালিক শরিফুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও শেখ শামছুল আরেফীনের ভ্রাম্যমাণ আদালত। শ্রীপুর উপজেলার বরমীর বরমা এলাকায় শুক্রবার এ ঘটনা ঘটে।
করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে সরকার সব ধরনের জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা হিসেবে সব সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সভা-সমাবেশ এবং গণজমায়েত নিষিদ্ধ করেছে। সে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরমা দক্ষিণপাড়া গ্রামে শরিফুল ইসলাম তার শিশুপুত্র ইমরান শাহরিয়ারের সুন্নতে খতনা উপলক্ষে ভোজের আয়োজন করেন।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামছুল আরেফীন বলেন, করোনাভাইরাসের ঝুঁকির মধ্যে লোকজন জড়ো করে এমন সামাজিক অনুষ্ঠান করার দায়ে ১৮৬০-এর ২৬৯ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে সে আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে।
- বিষয় :
- সুন্নতে খতনা
- গাজীপুর
