সাঁথিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
প্রতীকী ছবি
পাবনা অফিস
প্রকাশ: ২০ মার্চ ২০২০ | ২৩:২৭
পাবনার সাঁথিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবুল কালাম কাইলা ওরফে আব্দুল আলিম কালু (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি তিনি পেশাদার মাদক ব্যবসায়ী।
নিহত আবুল কালাম উপজেলার রসুলপুর গ্রামের খোরশেদ আলম খুশাই শেখের ছেলে। তার বিরুদ্ধে সাঁথিয়া থানাসহ বিভিন্ন থানায় মাদকের ডজনখানেক মামলা আছে।
সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আসাদুজ্জামান বলেন, পুলিশ শুক্রবার গভীর রাতে মাদক ব্যবসায়ী আবুল কালাম কাইলাকে আটক করে উপজেলার করমজা পৌঁছালে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গুলাগুলির এক পর্যায়ে তারা পিছু নিলে ঘটনাস্থল থেকে আবুল কালাম কাইলার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি আরো জানান, কালু দীর্ঘ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করতেন। এর আগে পুলিশের হাতে কয়েকবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে পূনরায় মাদকব্যবসা শুরু করতেন। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি শাটারগান, দুই রাউন্ড গুলি, একটি হাসুয়া ও একশ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সাঁথিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ সুলতান ও কনস্টেবল শুভ আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
- বিষয় :
- পাবনা
- বন্দুকযুদ্ধ
