ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সালথায় সরকারি জায়গা দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সালথায় সরকারি জায়গা দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ
×

ফরিদপুর অফিস ও সালথা প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৩ | ০৩:২৯ | আপডেট: ১০ মার্চ ২০২৩ | ০৩:২৯

ফরিদপুরের সালথায় সরকারি জায়গা দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। যে জায়গায় ঘর নির্মাণ করা হয়েছে, তা হালট (রাস্তা) দাবি করে নিজেদের স্বাক্ষরিত একটি আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দিয়েছেন ২৫ জন গ্রামবাসী। অন্যদিকে ঘর নির্মাণকারীর দাবি, ওই জমির রেকর্ড নিজেদের নামে রয়েছে। এদিকে স্থাপনা উচ্ছেদের নোটিশ দেওয়ার পরও নির্দেশনা মানা হচ্ছে না বলে অভিযোগ ওই পথ দিয়ে চলাচলকারীদের।

উপজেলার গট্টি ইউনিয়নের হাবেলীগট্টি গ্রামের মৃত গিয়াসউদ্দিন ভুঁইয়ার ছেলে মো. আলহাজের বিরুদ্ধে ওই বাড়ি নির্মাণের অভিযোগ করেছেন ঝুনাখালি গ্রামের ভুক্তভোগীরা।

জানা যায়, উপজেলার ১০৯ হাবেলীগট্টি মৌজার ১ নম্বর খতিয়ানের ২০২ বিএস দাগে ১১ শতাংশ হালট শ্রেণিভুক্ত জমির ওপর ঘর নির্মাণ করছেন মো. আলহাজ। এলাকার শতাধিক পরিবারের লোকজন হালটটি দিয়ে চলাচল করেন। কিন্তু ঘর নির্মাণ করায় চলাচল বিঘ্নসহ কৃষিপণ্য পরিবহন করতে পারছেন না বলে জানান তাঁরা।

স্থানীয় কালু খাঁ বলেন, জমি তিনবার পরিমাপ করেছেন সহকারী কমিশনার-ভূমি। তারপরও অবৈধ দখলকারীরা ঘর নির্মাণ করেই যাচ্ছেন।

হালটের পাশের জমির মালিক জয়নাল আবেদিন অভিযোগ করে বলেন, তৃতীয়বার পরিমাপের সময় সহকারী কমিশনার-ভূমি  তাঁদের কোনো নোটিশ না দিয়ে এমনকি না জানিয়ে জমি মেপে এক ফুট তাঁদের জমির মধ্যে ঢুকিয়ে পাকা ঘর রক্ষা করে দিয়ে যান। তাঁর দাবি, দখলকারীর প্রভাবশালী হওয়ায় সহকারী কমিশনার-ভূমিকে ‘ম্যানেজ’ করে ঘর রক্ষা করেছেন।

অন্যদিকে অভিযুক্ত আলহাজ বলেন, পূর্বপুরুষ থেকেই ওই জমি ভোগদখলে আছেন তাঁরা। তাঁদের নামে এসএস রেকর্ডও রয়েছে। উপজেলা প্রশাসনের নোটিশ পাওয়ার পর জেলা দেওয়ানি আদালতে মালিকানা নিষ্পত্তির জন্য মামলা করেছেন তাঁরা।

এ ব্যাপারে সহকারী কমিশনার-ভূমি মো. সালাউদ্দিন আইয়ুবী বলেন, সরকারি জমি যতটুকু দখল হয়েছে, তা পরবর্তী উচ্ছেদ অভিযানে দখলমুক্ত করা হবে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।

আরও পড়ুন

×