ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

শিবচরের অবরুদ্ধ এলাকার আশপাশের মানুষও ঘরবন্দি

শিবচরের অবরুদ্ধ এলাকার আশপাশের মানুষও ঘরবন্দি
×

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২০ | ১০:২৬

খুব বেশি প্রয়োজন ছাড়া শিবচরের অবরুদ্ধ চারটি এলাকার কাউকে ঘর থেকে বের হতে দেখা যাচ্ছে না। এলাকার রাস্তাগুলোতে প্রশাসন ও পুলিশের রয়েছে কড়া নজরদারি। চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে বেশিরভাগ দোকানপাট। শুধু ওই চার এলাকাই নয়, করোনা আতঙ্কে আশপাশের মানুষও ঘর থেকে বের হচ্ছে না। উপজেলার সব বাস চলাচল বন্ধ রয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে শিবচরের চারটি এলাকারসহ আশপাশের প্রায় ৭৮ হাজার মানুষ প্রশাসনের কড়া নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শিবচর পৌর বাজারসহ ঝুঁকিপূর্ণ দুটি ওয়ার্ড ও দুটি ইউনিয়নের দুই গ্রামের চার স্থানে ২৫০ জন পুলিশ মোতায়েন রয়েছে। সার্বক্ষণিক মনিটর করছেন নির্বাহী ম্যাজিস্ট্রট। সরকারি নির্দেশনা মেনে চলার জন্য জনগণকে আহ্বান জানিয়েছেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। নিয়মিত এলাকা পরিদর্শনে করছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ প্রশাসনের কর্মকর্তারা।

সম্প্রতি বিপুলসংখ্যক প্রবাসী ইতালিসহ বিভিন্ন দেশ থেকে মাদারীপুরে আসেন। তবে সঠিক সংখ্যা জানা যায়নি। মাদারীপুরে করোনাভাইরাসে মোট ২৯৮ জন কোয়ারেন্টাইনে আছেন। যার মধ্যে হোম কোয়ারেন্টাইনে ২৯৫ জন এবং হাসপাতালে তিনজন। গত ২৪ ঘণ্টায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে আছেন ৫৫ জন। সদর হাসপাতালের আইসোলেশনে আছেন তিনজন। এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন ২৬১ জন। এ তথ্য নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন অফিস।

এদিকে, প্রবাসীদের আনাগোনা হওয়ায় মাদারীপুরে ফাস্টফুড ও চায়নিজ রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। জেলার বিনোদন কেন্দ্রগুলো এখন জনশূন্য হয়ে পড়েছে। খুব বেশি প্রয়োজন ছাড়া শহরের কাউকে ঘর থেকে বের হতে দেখা যায়নি। রাস্তায় বিভিন্ন ছোট-বড় যানবাহনের সংখ্যাও অনেক কম। 

দিনমজুর ও খেটে খাওয়া মানুষ পড়েছে চরম বিপাকে। চরম আতঙ্কের মধ্যে দিন অতিবাহিত করছে অনেক পরিবার। শহরের অনেক দোকান প্রায়ই বন্ধ থাকে। কেউ এক বেলা খেলে তো আরেক বেলা বন্ধ রাখেন। জনশূন্য রাস্তাঘাট এখন ভূতুড়ে হয়ে উঠেছে। চর বাচামারা গ্রামের অটোচালক তাহের মুন্সি বলেন, 'তিন দিন ধরে রাস্তাঘাটে কোনো লোকজন নেই। আজ ভোরে অটো নিয়ে রাস্তায় বের হয়েছিলাম। সন্ধ্যায় বাড়ি যাচ্ছি মাত্র ১১২ টাকা নিয়ে। সংসারে তিন মেয়ে, এক ছেলে ও স্ত্রী রয়েছে। ১১২ টাকা দিয়ে কীভাবে কাঁচাবাজার আর চাল কিনে বাড়ি যাব?'

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, শিবচরের চারটি এলাকাসহ আশপাশের প্রায় ৭৮ হাজার মানুষকে আমরা নজরদারিতে রেখেছি। এ এলাকাগুলোর মানুষদের চলাচল সীমিত করা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকা কারও বাজার লাগলে আমরা তাদের সহায়তা করব। শুকনো খাবার দেওয়া হবে।

আরও পড়ুন

×