ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

দৌলতদিয়ায় ফেরিতে অগ্নিকাণ্ড

দৌলতদিয়ায় ফেরিতে অগ্নিকাণ্ড
×

ফেরিটি পন্টুনে ভেড়ার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস সদস্যরা - সমকাল

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২০ | ২২:০০

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী 'কেরামত আলী' নামে রো রো ফেরিতে রোববার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও ফেরিতে থাকা যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রো রো ফেরি 'কেরামত আলী'র ইনচার্জ মাস্টার রশোরাজ মজুমদার জানান, পাটুরিয়া ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে রাত সাড়ে ৮টার দিকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ফেরিটি ছেড়ে আসে। ফেরিটি দৌলতদিয়া ৩ নম্বর ফেরি ঘাটে এসে পন্টুনে ভেড়ার কয়েক মিনিট আগে হঠাৎ করেই সাইলেন্সারে আগুন ধরে যায় এবং দ্রুতই আগুনের লেলিহান শিখা ভয়াবহ আকার ধারণ করে।

তিনি জানান, খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ফেরিটি সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুনের ভয়বহতা দেখে ফেরির যাত্রীরা আতঙ্ক ছুটোছুটি শুরু করে। তবে দ্রুত ফেরিটি পন্টুনে ভেড়ায় যাত্রীরা অল্প সময়ের মধ্যেই ফেরি থেকে নেমে আসে।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আব্দুর রহমান জানান, ফেরির যান্ত্রিক ত্রুটির কারণে সাইলেন্সার পাইপে আগুন ধরে যায়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে কেউ হতাহত হয়নি।

আরও পড়ুন

×