খুলনা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৩ মার্চ ২০২০ | ০২:০৫ | আপডেট: ২৩ মার্চ ২০২০ | ০৫:০৯
খুলনা থেকে আগামী ২৫ মার্চ ভোর ৬টা থেকে দূরপাল্লার সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন। তবে জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল আপাতত স্বাভাবিক থাকবে।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম বেবি জানান, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুলনা থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বাস চলাচল শুরু করা হবে।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা সংক্রান্ত খুলনা জেলা কমিটির সভা সোমবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে খুলনা জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার ছাড়া অন্যান্য সাপ্তাহিক হাট ও গরু-ছাগলের হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুলনা নগরীতে বিকেল ৫টার পরে চায়ের দোকান খোলা রাখা যাবে না।
সভায় জানানো হয়, করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে জেলা, উপজেলা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে জরুরি অবস্থার মতো সক্রিয় রাখতে হবে। কয়রা উপজেলার আংটিহারায় ভারত থেকে আসা ক্লিংকারবাহী জাহাজ থেকে নাবিকদের বাংলাদেশের অভ্যন্তরে না নামার বিষয়টি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।
অন্যদিকে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক জানান, করোনাভাইরাস মোকাবিলার লক্ষ্যে খুলনার সব ওষুধ, কাঁচা বাজার ও মুদি দোকান ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া অন্যান্য সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৪ হাজার ৭৪৬ জন। আর করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪১ হাজার ৩২৯ জন।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের তথ্যমতে, দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ জন। এদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।
- বিষয় :
- করোনার প্রাদুর্ভাব
- খুলনা
- বাস চলাচল বন্ধ
