স্পাইডারম্যানে ২০ সেকেন্ডের অভিনয়ে মেসির পারিশ্রমিক ১৮৫ কোটি!
‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে' ছবি: সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ১৭:৩৩
বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার লিওনেল মেসিকে এবার দেখা গেল মার্ভেল দুনিয়ার জনপ্রিয় সুপারহিরোর সঙ্গে একই ফ্রেমে। সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট প্রকাশিত প্রায় ৪০ সেকেন্ডের একটি প্রচারণামূলক ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হচ্ছে।
ভিডিওতে শুরুতেই দেখা যায়, পিটার পার্কার একটি কফিশপে বসে নিজের জীবনের নানা জটিলতা নিয়ে ফোনে কথা বলছেন। ঠিক সেই সময় হাতে একটি বিশেষ ট্র্যাকার নিয়ে সেখানে হাজির হন লিওনেল মেসি। স্পাইডারম্যানকে খুঁজতেই যেন তাঁর এই অভিযান। কিছুক্ষণ পর পিটার পার্কার স্পাইডারম্যানের পোশাকে আবির্ভূত হন। ভিডিওর শেষ দৃশ্যে নিউইয়র্কের আকাশে স্পাইডারম্যানের জালে ভর করে দুলতে দেখা যায় মেসিকে, যা ভক্তদের জন্য ছিল বড় চমক।
এদিকে, হলিউডভিত্তিক কয়েকটি গণমাধ্যমের দাবি, এই প্রোমো ভিডিওতে প্রায় ২০ সেকেন্ডের উপস্থিতির জন্য মেসি পারিশ্রমিক হিসেবে পেয়েছেন ১৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৫ কোটি টাকার সমান। তবে এ বিষয়ে সনি পিকচার্স বা মেসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
আগামী ৩০ জুলাই মুক্তি পেতে যাচ্ছে মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ধারণা করা হচ্ছে, সিনেমাটির প্রচারণার অংশ হিসেবেই তৈরি করা হয়েছে এই বিশেষ ভিডিও।
ভিডিওতে মেসির হাতে দেখা যাওয়া ‘স্পাইডি ট্র্যাকার’ নিয়েও শুরু হয়েছে ভক্তদের নানা আলোচনা। কমিকসপ্রেমীদের কাছে এটি পরিচিত একটি ডিভাইস। ১৯৬৪ সালে প্রকাশিত ‘দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান’ কমিকসে পিটার পার্কার নিজেই এই ট্র্যাকার তৈরি করেছিলেন। ডক্টর অক্টোপাসকে শনাক্ত করতে প্রথম এটি ব্যবহার করা হয়।
তবে সবচেয়ে বেশি কৌতূহল তৈরি করেছে ট্র্যাকারের স্ক্রিনে দেখা একাধিক লাল বিন্দু। অনেক ভক্তের ধারণা, এটি মার্ভেলের মাল্টিভার্স ধারণার ইঙ্গিত হতে পারে এবং নতুন সিনেমায় একাধিক স্পাইডারম্যানের উপস্থিতি দেখা যেতে পারে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর গল্প শুরু হবে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার পর থেকে। সেখানে পুরো পৃথিবী ভুলে গেছে যে পিটার পার্কারই স্পাইডারম্যান। নতুন এই অধ্যায়ে এক রহস্যময় হুমকির বিরুদ্ধে লড়াইয়ে তার পাশে দেখা যাবে ‘দ্য পানিশার’ ও ‘হাল্ক’কে। এরই মধ্যে সিনেমার প্রচারণায় লিওনেল মেসির উপস্থিতি ফুটবল ও মার্ভেল—দুই জগতের ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা ছড়িয়ে দিয়েছে।
- বিষয় :
- মেসি
- নতুন সিনেমা
