ফরিদপুরে কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বাড়িতে বাড়িতে আনসার-ভিডিপি
ফরিদপুর অফিস
প্রকাশ: ২৩ মার্চ ২০২০ | ০৪:২১
করোনাভাইরাস মোকাবেলায় বিদেশফেরতদের কোয়ারেন্টাইনে (সবার কাছ থেকে আলাদা) থাকতে পরামর্শ দেওয়া হলেও তারা তা মানছেন না। তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত করতে বাড়িতে বাড়িতে যাচ্ছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্যরা। একই সঙ্গে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিলি করছেন তারা।
জেলা কমান্ড্যান্ট-এর নেতৃত্বে ফরিদপুর জেলায় ব্যাপকভাবে মাঠে নেমেছেন আনসার ও ভিডিপির সদস্যরা। প্রতিটি ইউনিয়নে আনসার ও ভিডিপির দলনেতারা বাড়িতে বাড়িতে গিয়ে বিদেশফেরত সম্পর্কে খোঁজ নিচ্ছেন। যারা হোম কোয়ারেন্টাইন থাকার নিয়ম মানছেন না, তাদের কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত করতে কাজ করছেন।
জেলা কমান্ড্যান্ট সেলিমুজ্জামান জানান, ‘মুজিববর্ষের উদ্দীপন, আনসার ভিডিপি আছে সারাক্ষণ’ এ স্লোগানকে সামনে রেখে সরকারি নির্দেশনা অনুযায়ী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল পর্যায়ের সদস্যরা করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক সকল প্রকার কার্যক্রমে অংশগ্রহণ করছেন। সকলের সহযোগিতা কামনা করে জেলা কমান্ড্যান্ট বলেন, আমরা সবাই সচেতন হলে এবং সহযোগিতা করলে করোনা মোকাবেলা করা সম্ভব।
ফরিদপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান জানান, যারা বিদেশ থেকে এসেছেন তাদের বাধ্যতামুলকভাবে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এটা নিশ্চিতকরণে আনসার ও ভিডিপি কাজ করছে।
- বিষয় :
- সারাদেশ
- কোয়ারেন্টাইন
- আনসার-ভিডিপি
