ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

খোকসায় ৪ প্রবাসীকে জরিমানা, ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম

খোকসায় ৪ প্রবাসীকে জরিমানা, ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম
×

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২০ | ০৫:০১

কুষ্টিয়ার খোকসায় বিদেশফেরত ২৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেই সঙ্গে কোয়ারেন্টাইন না মানায় ৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশ থেকে ৬৪ জন শ্রমিক দেশে ফেরেন। এদের মধ্যে ২৮ জনকে হোম কোয়ারাটাইনে থাকার নির্দেশ দেয় প্রশাসন। এর মধ্যে কোয়ারেন্টাইনের নির্দেশ না মানায় শোমসপুর, একতারপুর, শিমুলিয়া ইউনিয়নের ৪ প্রবাসীকে প্রায় ২২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান জানান, সদ্য দেশে ফেরা প্রবাসীদের বাড়িতে লাল পতাকা ও স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে। সরেজমিন ও ফোনে তাদের অবস্থানের খোঁজ-খবর নেওয়া হচ্ছে। 

এদিকে করোনা রোগীদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যার আইসুলেশন ওয়ার্ড তৈরি করা হলেও পরীক্ষা নিরীক্ষার জন্য কিটসহ কোনো লজিষ্ট্রিক সাপোর্ট দেওয়া হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালে রোগীদের জন্য পর্যাপ্ত অক্সিজেন, আইসুলেশন ওয়ার্ডের রোগীদের জন্য অতিরিক্ত ওষুধেরও বরাদ্দ দেওয়া হয়নি। এমনকী চিকিৎসক, নার্সদের সুরক্ষা পোশাকও সরবরাহ করা হয়নি।

স্থানীয়দের অভিযোগ, সর্দি-জ্বরে কেউ আক্রান্ত হলে চিকিৎসকরা তাদের সেবা দিচ্ছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, তাদের সুরক্ষায় একটিমাত্র সাবান আর ছোট এক বোতল হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়েছে। নিজেদের নিরাপদ রাখতে তারা শুধু অ্যাপ্রোন ব্যবহার করছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান সোহেল চিকিৎসক-নার্সদের সুরক্ষা ও প্রয়োজনীয় ওষুধের স্বল্পতার কথা স্বীকার করেছেন। তিনি জানান,   এ উপজেলায় এখন পর্যন্ত কোনো করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি। রোগী বাড়লে স্থানীয় সরকারি কলেজে কোয়ারেন্টাইন ও চিকিৎসা ক্যাম্প করার পরিকল্পনা করা হয়েছে। 



আরও পড়ুন

×