টেকনাফে কোয়ারেন্টাইন রোহিঙ্গা পরিবার
টেকনাফ (কক্সবাজর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মার্চ ২০২০ | ০৬:০১
টেকনাফে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ভারত থেকে অবৈধভাবে আসা এক রোহিঙ্গা পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সোমবার দুপুরে তাদের টেকনাফের লেদা রোহিঙ্গা শিবির থেকে লেদা আইওএম হাসপাতালে কোয়ারেন্টাইনে নেওয়া হয়।
তারা হলেন- মো. ছাদেক (২৫), তার স্ত্রী হোসনেআরা (২৩), শিশুসন্তান পারভেজ ( ৩) ও সাজেদা (১০ মাস)।
রোহিঙ্গা নেতারা জানান, সোমবার ভোর ৫টার দিকে খুলনা হয়ে সড়ক পথে গাড়িযোগে রোহিঙ্গা ক্যাম্পে (২৪ লেদা ই ব্লকে) মোস্তাক আহম্মেদ নামের এক ব্যক্তির বাসায় আসে পরিবারটি। দুপুর ১২টার দিকে বিষয়টি জানাজানি হলে স্থানীয় একজন তাদের ক্যাম্প ইনচার্জের (সিআইসি) অফিসে নিয়ে যান।
টেকনাফের নয়াপাড়া ও লেদা ক্যাম্পের ইনচার্জ (সিআইসি) আব্দুল হান্নান বলেন, জিজ্ঞাসাবাদে তারা জানায় যে রোববার রাতে ভারতের হায়দারাবাদ থেকে বাংলাদেশে আসেন। তাদের ইউএনএইচসিআর ও আইওএম’র কাছে হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ওই রোহিঙ্গা পরিবারকে কোয়ারেন্টাইন নেওয়া হয়েছে। তারা সুস্থ রয়েছে। বিদেশ ফেরতদের তালিকায় অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তারা রোহিঙ্গা। তাই উদ্বেগ বাড়ছে এখানে।
টেকনাফের লেদা রোহিঙ্গা শিবিরের চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন, ভারত থেকে আসা এক রোহিঙ্গা পরিবারকে ক্যাম্প ইনচার্জের কাছে সোর্পদ করা হয়েছে। তারা এখন আইওএম হাসপাতালে রয়েছে।
