ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
ফাইল ছবি
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২৩ মার্চ ২০২০ | ০৭:১০
করোনাভাইরাস প্রতিরোধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনতার কারফিউ শেষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে রোববার সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। তবে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সব পৌর এলাকায় ও কেন্দ্রীয় সরকার কোলকাতা, দিল্লী, মুম্বাইসহ ৮০টি শহরে লক ডাউন ঘোষণা করায় মঙ্গলবার থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম ফের বন্ধ ঘোষণা করা হয়েছে।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক এ.এস.এম মাকসুদ খান সমকালকে জানান, ভারতের পশ্চিবঙ্গ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন এলাকায় কাঁচামাল পণ্যবাহী অনেক ট্রাক বাংলাদেশে আসার উদ্দেশে আটকে আছে। তাই আমদানিকারকদের বিশেষ অনুরোধে আজ আমদানি-রপ্তানি কার্যক্রম চলছে। তবে, মঙ্গলবার থেকে ৩১ মার্চ পর্যন্ত সব প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টের ওসি বিশ্বজিত সরকার জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও আগে যারা দুই-দেশে প্রবেশ করেছেন এমন পাসপোর্ট যাত্রীরা তাদের স্ব-স্ব দেশে ফিরতে পারবেন।
