বাসের ধাক্কায় পুত্রবধূ-শাশুড়ি নিহত
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২০ | ০৫:০৪ | আপডেট: ২৫ মার্চ ২০২০ | ০৫:০৪
দিনাজপুরের বীরগঞ্জে বাসের ধাক্কায় পুত্রবধূ-শাশুড়ি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২ জন।
বুধবার দুপুরে উপজেলার ফিসারী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন একই উপজেলার থানাপাড়া মহল্লার মৃত বজলু রশিদের স্ত্রী আলিমন বেওয়া (৭০) ও তার ছেলের আফজাল হোসেনের স্ত্রী মোছা. রেহেনা বেগম (৩২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত আলিমন বেওয়া ও তার পুত্রবধূ দুপুরে ব্যাটারিচালিত ইজিবাইক যোগে উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। তাদের বহনকারী ইজিবাইকটি ফিসারী মোড় এলাকায় পৌছলে রংপুরগামী একটি বাস যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আলিমুন বেওয়ার মৃত্যু হয়। পরে গুরুতর অবস্থায় ৩ জনকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রেহেনা বেগমের মৃত্যু হয়।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন প্রধান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
- বিষয় :
- সারাদেশ
- পুত্রবধূ-শাশুড়ি
- দুর্ঘটনা
