ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

জন্মের পর কান্না না করায় নবজাতককে হিট, পুড়ল দুই পা

জন্মের পর কান্না না করায় নবজাতককে হিট, পুড়ল দুই পা
×

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩ | ১৫:১১ | আপডেট: ০২ এপ্রিল ২০২৩ | ১৫:৫৩

জন্মের পর নবজাতক কান্না না করায় রুম হিটারে তাকে হিট দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে ওই নবজাতকের দুই পায়ের তালু পুড়ে গেছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ অবস্থা বেগতিক দেখে শিশুটিকে ঢাকার একটি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। কিন্তু ঘটনার ১৪ দিনেও শিশুটি সুস্থ হয়ে ওঠেনি। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সিংগাইরে ডা. কেরামত আলী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে।

শিশুটির বাবা শুকুর আলী জানান, তাঁর স্ত্রী তাজ নাহারের প্রসবব্যথা নিয়ে গত ১৮ মার্চ রাতে ভর্তি হন স্থানীয় ডা. কেরামত আলী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে। রাতেই সেখানে তার অস্ত্রোপচার করেন ডা. মাহমুদা সুলতানা সাকি। তার ছেলে সন্তান হয়; কিন্তু জন্মের পর শিশুটি কান্না না করায় তাকে রুম হিটারে হিট দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। 

শুকুর আলী পেশায় রাজমিস্ত্রি। তিনি জানান, এরই মধ্যে তার এক লাখ ২০ হাজার টাকার বেশি খরচ হয়েছে। ছেলেকে সুস্থ করতে আরও টাকা প্রয়োজন। তার আয়ে চিকিৎসার খরচ চালানো সম্ভব হচ্ছে না। এ জন্য চেয়ারম্যানের কাছে বিচার দিয়েছেন। 

হাসপাতালটির মালিক আশরাফুল আলম শ্যামলের স্ত্রী মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাহমুদা সুলতানা বলেন, ‘ওই শিশুকে রুম হিটার দিয়ে হিট দেওয়া হয়েছিল। তবে হাসপাতালে তার পা পোড়ার কোনো ঘটনা ঘটেনি। শিশুটির শারীরিক সমস্যা থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছিল।’

ডা. কেরামত আলী মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক সাঈদ হোসেন বলেন, ‘আমাদের হাসপাতালে নবজাতকটির জন্মের পর অ্যানালগ পদ্ধতিতে (রুম হিটার দিয়ে) হিট দেওয়া হয়। তবে আমরা যখন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করি, তখন শিশুটির পা ভালো ছিল। যেহেতু একটি দুর্ঘটনা ঘটেছে, তাই স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে মীমাংসার চেষ্টা চলছে।’

মানিকগঞ্জের সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। সিংগাইরের স্বাস্থ্য বিভাগকে এ বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

×