ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিনা ভাড়ায় সন্দ্বীপের শিক্ষার্থীদের বাড়ি পাঠাচ্ছে ‘হিউম্যান ২৪’

বিনা ভাড়ায় সন্দ্বীপের শিক্ষার্থীদের বাড়ি পাঠাচ্ছে ‘হিউম্যান ২৪’
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩ | ১৬:৪৩ | আপডেট: ২০ এপ্রিল ২০২৩ | ১৬:৪৩

চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে যাত্রীসেবা চালু করেছে হিউম্যান-২৪ নামের সংগঠন। বৃহস্পতিবার সকালে নগরের হালিশহর থেকে বাসযোগে শিক্ষার্থীদের সীতাকুণ্ডের কুমিরা নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সার্ভিস বোটে তাদের সন্দ্বীপের গুপ্তছড়ায় পাঠানো হয়।

শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে নৌ-পারাপার কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান এম শফিকুল আলম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ শোয়েব উদ্দিন হায়দারের সভাপতিত্বে কুমিরা ঘাটে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন হিউম্যান ২৪-এর প্রধান সমন্বয়ক সাংবাদিক সালেহ নোমান ও উদ্যোক্তা কাজী জিয়া উদ্দিন সোহেল।

সন্দ্বীপ ইয়ুথ ক্লাবের সভাপতি মাহবুবুল মাওলার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সন্দ্বীপ এডুকেশন সোসাইটির সাবেক সেক্রেটারি মোহাম্মদ আমজাদ হোসেন, অধ্যাপক শাহীন ইব্রাহিম,  সমাজকর্মী ও বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট খাদেমুল ইসলাম, কুমিরা-গুপ্তছড়া ঘাটের ইজারাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা আজিজুর রহমান প্রমুখ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভাগের শিক্ষার্থী কাজী রহমতুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুল আলম বলেন, উপকূলীয় দুর্গম এলাকা হওয়ায় সন্দ্বীপের যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হয়। শিক্ষার্থীদের জন্য ফ্রি সার্ভিস চালুর মাধ্যমে এ ভোগান্তি নিরসনে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হলো। আগামীতে যখন তারা দেশ ও সমাজের দায়িত্ব নেবে, তখন যেন এভাবে মানুষের সেবায় নিয়োজিত থাকে। 

উদ্যোক্তারা জানান, নিবন্ধন হওয়া শিক্ষার্থীদের ২০ ও ২১ এপ্রিল এ দুই দিন চট্টগ্রামের হালিশহর থেকে কুমিরা হয়ে সন্দ্বীপ পৌঁছানোর বিশেষ এ কর্মসূচি নেওয়া হয়েছে। শুক্রবার সকাল ৯টায়ও একইভাবে শিক্ষার্থীদের নিয়ে বাস হালিশহর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাবে। 


আরও পড়ুন

×