ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ভাঙ্গায় ‘স্বামী-স্ত্রীর’ পেট থেকে ১০৫০ পিস ইয়াবা উদ্ধার

ভাঙ্গায় ‘স্বামী-স্ত্রীর’ পেট থেকে ১০৫০ পিস ইয়াবা উদ্ধার
×

পুলিশের সঙ্গে উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতরা- সমকাল

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২০ | ০৬:৫১

ফরিদপুরের ভাঙ্গায় কথিত স্বামী-স্ত্রীর পেট থেকে এক হাজার পঞ্চাশ পিস ইয়াবা উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। রোববার ভোররাতে উপজেলার ব্রাক্ষ্মণপাড়া থেকে এক সহযোগীসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পিরোজপুর সদরের আবু আল শেখের ছেলে মিরাজ (৩৫), ঢাকা ধামরাইয়ের গোয়ারীপাড়া এলাকার দেলোয়ারের মেয়ে জাকিয়া সুলতানা (২৮) ও তাদের সহযোগী উপজেলার ব্রাক্ষ্মণপাড়ার নুরুল হক মুন্সির ছেলে মিঠুন মুন্সি (২৫)।

পুলিশ জানায়, টেকনাফ থেকে মাদকের বড় একটি চালান পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাক্ষ্মণপাড়ার নুরুল হক মুন্সির বাড়িতে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কথিত স্বামী-স্ত্রী জানায় তাদের পেটে বিপুল পরিমাণ ইয়াবা রয়েছে। পরবর্তীতে ডাক্তারী পরীক্ষা শেষে বিশেষ প্রক্রিয়ায় মিরাজের পেট থেকে ১৭টি ও জাকিয়ার পেট থেকে ৪টি টোপলায় মোট এক হাজার পঞ্চাশ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম সাংবাদিকদের বলেন, জিজ্ঞাসাবাদের এক পর্যায় গ্রেফতারকৃতরা নিজেদের আন্তঃজেলা মাদক চক্রের সদস্য বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ভাঙ্গা থানায় এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

×