এক বছরে নোবেলজয়ী আনি এরনোর তিন বই
আনি এরনো
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ০৭:৫৫
| প্রিন্ট সংস্করণ
চলতি বছরের শেষ নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত হতে যাচ্ছে নোবেলজয়ী ফরাসি সাহিত্যিক আনি এরনোর নতুন তিনটি বই। মার্কিন প্রকাশনা সংস্থা ‘সেভেন স্টোরিজ’ এই তথ্য নিশ্চিত করেছে। ফরাসি ভাষা থেকে অনূদিত এ বই তিনটি ইংরেজি সংস্করণে পাঠকদের সামনে আসবে। পেশাগত জীবনে শিক্ষক আনি এরনো মূলত আত্মজীবনীমূলক কথাসাহিত্য ও নন-ফিকশন রচনার জন্য বিশ্বজুড়ে সমাদৃত। ১৯৭৪ সালে ‘ক্লিনড আউট’ উপন্যাসের মধ্য দিয়ে সাহিত্যজগতে তাঁর অভিষেক ঘটে। এরপর বেশ কিছু জনপ্রিয় বই ইংরেজিতে অনূদিত হয়। যার মধ্যে উল্লেখযোগ্য– তানিয়া লেসলির অনুবাদে ‘সিম্পল প্যাসন’, লিন্ডা কাভারডেলের অনুবাদে ‘এ ফ্রোজেন ওম্যান’ এবং অ্যালিসন এল স্ট্রায়ারের অনুবাদে ‘দ্য ইয়ং ম্যান’ ও ‘দ্য আদার গার্ল’। ব্যক্তিগত স্মৃতির শিকড়, বিচ্ছিন্নতা ও সামষ্টিক মনস্তত্ত্বকে অসীম সাহসিকতা ও নিখুঁত তীক্ষ্ণতার সঙ্গে উন্মোচন করার স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে তাঁকে সাহিত্যের সর্বোচ্চ সম্মান ‘নোবেল পুরস্কার’-এ ভূষিত করে সুইডিশ একাডেমি।
প্রকাশনা সংস্থা সেভেন স্টোরিজ জানায়, আসন্ন বইগুলোর তালিকায় রয়েছে– হোটেল ক্যাসানোভা, সংক্ষিপ্ত ফিকশন ও নন-ফিকশনের এই সংকলনটি অনুবাদ করেছেন অ্যালিসন এল স্ট্রায়ার। ‘অ্যা কনভারসেশন’ বইটি মূলত আনি এরনো এবং সমাজবিজ্ঞানী রোজ-মেরি লাগ্রাভের মধ্যকার একটি মননশীল সংলাপের বই। এ ছাড়া ‘রাইটিং, দ্য আদার লাইফ’ হলো লেখকের সাহিত্যকর্মের ওপর ভিত্তি করে তৈরি একটি ভিজ্যুয়াল বা চিত্রল সংকলন। এটি সম্পাদনা করেছেন পিয়েরে-লুই ফোর্ট এবং স্ট্রায়ার ও রোজ শোয়ার্টজসহ মোট ছয়জন অনুবাদক এর অনুবাদে অংশ নিয়েছেন। আগামী ৬ অক্টোবর বাজারে আসবে ‘হোটেল ক্যাসানোভা’ এবং ‘অ্যা কনভারসেশন’ বই দুটি। এর কিছুদিন পর ২৭ অক্টোবর প্রকাশিত হবে ‘রাইটিং, দ্য আদার লাইফ’।
- বিষয় :
- গল্প
