হবিগঞ্জের কলেজ রোড
খানাখন্দে ভরা বেহাল সড়ক চলাচলে ভোগান্তি
খানাখন্দে ভরা হবিগঞ্জ শহরের বাইপাস সংযোগকারী গুরুত্বপূর্ণ লিংক সড়ক কলেজ রোড সমকাল
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ০৯:০৫
| প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জ শহরের বাইপাস সংযোগকারী গুরুত্বপূর্ণ লিংক সড়ক কলেজ রোডটির ঘাটিয়া বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার অংশের অবস্থা এখন বেহাল। এই রোডের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য খানাখন্দ। বৃষ্টির দিনে পানিভর্তি গর্তের মধ্যে পড়ে দুর্ঘটনার পাশাপাশি যাতায়াতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই সড়কটি দিয়ে চলাচলকারী শিক্ষার্থী, ব্যবসায়ী
ও স্থানীয় জনসাধারণকে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল। সামান্য বৃষ্টি হলেই কাদা–পানি আর শুষ্ক মৌসুমে ধুলাবালিতে একাকার হয়ে যায় সড়কটি। বিষয়টি জনপ্রতিনিধসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানালেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় এমন অবস্থা হয়েছে।
শহরের বৃন্দাবন কলেজ রোড থেকে ঘাটিয়া বাজার পর্যন্ত অংশটি অত্যন্ত জনবহুল ও গুরুত্বপূর্ণ সড়ক। শহরের প্রধান সড়কের বিকল্প হিসেবে এই সড়কটি ব্যবহৃত হয়ে থাকে। এ সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। সড়কটির পাশে অবস্থিত দি রোজেস কালেক্টর স্কুল, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়, কিবরিয়া মিলনায়তন, হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম, হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটক, বৃন্দাবন কলেজ, মহিলা কলেজসহ বহু শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও রয়েছে সরকারি স্থাপনাসহ
শত শত ব্যবসাপ্রতিষ্ঠান। প্রতিদিন শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী ও সাধারণ মানুষের ব্যাপক যাতায়াত থাকলেও দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার না হওয়ায় ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় রিকশা, অটোরিকশা, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চলাচলে গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে। মাঝে–মধ্যেই যানবাহন কাদায় আটকে দুর্ঘটনা ঘটে। খুব বেশী প্রয়োজন না হলে চালকরা এ পথ এড়িয়ে চলেন। বিশেষ করে স্কুলগামী কোমলমতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের দুর্ভোগ সবচেয়ে বেশি।
এক শিক্ষার্থীর অভিভাবক আব্দুর রহিম সমকাল প্রতিবেদককে বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে মেয়েকে রিকশায় করে স্কুলে আনা-নেওয়া করি। রাস্তায় এত বড় বড় গর্ত যে, সবসময় ভয় থাকে কখন রিকশা উল্টে যায়। শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন।
বৃন্দাবন কলেজের ছাত্র মোশতাক আহমেদ বলেন, কলেজ রোড থেকে ঘাটিয়া বাজার পর্যন্ত সড়ক জনবহুল সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো শিক্ষার্থী চলাফেরা করে। সড়কে খানাখন্দের কারণে সময় মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানো যায় না।
কথা হয় আসমা বেগম নামে এক নারীর সঙ্গে। আক্ষেপ করে সমকাল প্রতিবেদককে তিনি বলেন, তাঁর দুই শিশু বাচ্চাকে নিয়ে তিনি এই সড়কের পাশে অবস্থিত একটি কিন্ডারগার্টেনে আসা-যাওয়া করেন। রিকশায় চড়েই তিনি ভীতসন্ত্রস্ত থাকেন, কখন জানি উল্টে যায় তাঁর রিকশাটি।
এ বিষয়ে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন সমকাল প্রতিবেদককে বলেন, ‘বেহাল সড়কের বিষয়টি আমাদের নজরে এসেছে। বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
- বিষয় :
- সড়ক
