ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

নড়াইলে চোর সন্দেহে প্রতিবন্ধীকে বেঁধে নির্যাতন, সাত দিন পর মৃত্যু

নড়াইলে চোর সন্দেহে প্রতিবন্ধীকে বেঁধে নির্যাতন, সাত দিন পর মৃত্যু
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ০৯:৩২

| প্রিন্ট সংস্করণ

নড়াইলে মানসিক প্রতিবন্ধীকে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতনের সাত দিন পর মৃত্যু হয়েছে। ভোলার লালমোহনে কলেজছাত্রকে কুপিয়ে ও সিলেটের জকিগঞ্জে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নারায়ণগঞ্জে বিকাশ ব্যবসায়ীকে অপহরণের পর এবং বরিশালের আগৈলঝাড়ায় একজনকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ছাড়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, জামালপুরের

বকশীগঞ্জ ও রাজবাড়ীতে এক নবজাতকসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। 
নড়াইলে মানসিক প্রতিবন্ধীকে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতনের সাত দিন পর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আনোয়ার হোসেন (৩২) সদর উপজেলার বাঁশগ্রামের কাওছার উদ্দিন মোল্যার ছেলে। 

এর আগে গত ২৫ জুন রাতে নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামে আনোয়ার হোসেনকে নির্যাতন করা হয়। এ ঘটনায় ২৯ জুন পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা করেন নিহতের ভাই নবীর হোসেন।
অভিযুক্তরা হলেন গোবরা মালোপাড়ার নিভাস বিশ্বাসের ছেলে প্রসেনজিৎ বিশ্বাস, পলান বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাস, অনাধি বিশ্বাসের ছেলে অপূর্ব বিশ্বাস, প্রভাষ বিশ্বাসের ছেলে আকাশ বিশ্বাস ও পরান বিশ্বাসের ছেলে হৃদয় বিশ্বাস।

এজাহার সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন ২৪ জুন সকালে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পর দিন সকালে নড়াইল জেলা হাসপাতালে তাঁকে ভর্তি দেখতে পান তারা। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এজাহারে আরও অভিযোগ করা হয়, প্রসেনজিৎ, সৌরভ, অপূর্ব, আকাশ, হৃদয়সহ কয়েকজন আনোয়ারকে চোর অপবাদ দিয়ে ধরে নিয়ে যান। পরে তাঁকে প্রসেনজিতের বাড়ির সামনে একটি গাছের সঙ্গে বেঁধে সারা রাত নির্যাতন করা হয়। পরদিন ২৫ জুন সকালে স্থানীয় ইউপি সদস্য বিষয়টি পুলিশকে জানালে পুলিশ গিয়ে আনোয়ারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, আনোয়ার হোসেনের বাড়িতে খোঁজ নিয়ে জানা যায়, তার বৃদ্ধ মা আবেয়া বেগম ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার ছাওয়ালরে ওরা পিটায়ে মাইরে ফেললো, আমার ছাওয়াল তো কোনো অপরাধ করিনি। তার মাথায় একটু সমিস্যা, এই জন্যি সে ঘুরে বেড়ায়। আমার ছাওয়াল আনোয়ার কারো কিছুতে হাত দেয় না, কারো ক্ষতি করে না, তালি ক্যান আমার ছাওয়ালরে মারলো?’
এদিকে আনোয়ার হোসেনের হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গতকাল বিকেলে সদর উপজেলার বাসগ্রাম বাজারে বিক্ষোভ করেন তারা। 

লালমোহনে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা 
ভোলার লালমোহনে মো. নয়ন (১৬) নামের এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যার পর রক্তমাখা ছুরি নিয়ে অভিযুক্ত কিশোর থানায় আত্মসমর্পণ করেছে। গতকাল বৃহস্পতিবার স্বনির্ভর সড়কে এ ঘটনা ঘটে। মো. নয়ন পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী মো. সালাউদ্দিনের ছেলে। সে ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল। তবে হত্যার কারণ জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের একপর্যায়ে নয়নকে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। ঘটনার কিছুক্ষণ পর অভিযুক্ত কিশোর ব্যবহৃত ছুরিসহ লালমোহন থানায় গিয়ে আত্মসমর্পণ করে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম  সমকালকে  বলেন, এখন পর্যন্ত ঘটনার বিস্তারিত কারণ জানা যায়নি। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটেছে। তিনজন আহত হয়েছিল, তাদের মধ্যে একজন মারা গেছে। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
এদিকে, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদ্ঘাটন এবং জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনার জন্য তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়। 

জকিগঞ্জে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা
সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করায় আলম আহমেদ (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে তার চাচাতো ভাই। গত বুধবার রাতে উপজেলার লামারগ্রামে এ ঘটনা ঘটে। আলম  ওই গ্রামের ওয়ারিছ আলীর ছেলে। অভিযুক্ত পারভেজ আহমদ মোস্তকিন আলীর ছেলে। পুলিশ গতকাল বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করেছে। 
বুধবার রাতে ইংল্যান্ড ও ডিআর কঙ্গোর মধ্যকার ফুটবল ম্যাচে গোল হলে চিৎকার করেন আলম। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে পারভেজ তাঁকে ছুরিকাঘাত করে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিকাশ ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা
নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় মো. মোতালেব হোসেন (৬১) নামের বিকাশ ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে লাশ লেপ-তোশকে মুড়িয়ে সড়কের পাশে ফেলে রাখা হয় বলে জানিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে ফতুল্লা থানার জামতলা হাজী ব্রাদার্স রোডের এমপি গলিসংলগ্ন সড়কের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার এসআই রফিকুল ইসলাম।
মোতালেব হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মাসদাইর গোরস্তান এলাকার ফারুক মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। 

আগৈলঝাড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে জহিরুল শিকদার (৩৯) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ হত্যার সঙ্গে জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে। জহিরুল ছোটবাশাইল গ্রামের আব্দুর রশিদ সিকদারের ছেলে।  
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জহিরুলের সঙ্গে একই এলাকার আনিচ শিকদারের ছেলে সেন্টু শিকদার, শান্ত শিকদার ও জুয়েল শিকদারদের জমিজমা নিয়ে পূর্ববিরোধ রয়েছে। বুধবার সকালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে রাতে জহিরুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী মনি বেগম বাদী হয়ে সেন্টু শিকদারসহ চারজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেছেন। গ্রেপ্তারকৃতরা হলো– শান্ত শিকদার ও জাহাঙ্গীর শিকদার। 

রাজবাড়ীতে নবজাতকের লাশ উদ্ধার
রাজবাড়ীতে ভাগাড়ে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের খাদ্যগুদাম-সংলগ্ন রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চত করেছেন।

বকশীগঞ্জে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার
জামালপুরের বকশীগঞ্জে মোতালেব সরকার (৫৫) নামের এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার আইরমারী গ্রামের নিজ বাড়ির আঙিনায় কামরাঙ্গা গাছ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
ঈশ্বরগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার 
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঝোপ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার উচাখিলা ইউনিয়নের বাজারসংলগ্ন কাঁচামাটিয়া নদীর ওপর সেতুর পাশের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতারা)

আরও পড়ুন

×