রোনালদোর বিদায়ের ঘণ্টা বেজে গেছে? মুখ খুললেন বোন
ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ০৯:০৮
ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। তবে এই জয়ের আনন্দের মাঝেই সামনে এসেছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে এক বড় খবর। আন্তর্জাতিক ফুটবল থেকে তার অবসরের সময় নাকি আর খুব বেশি দূরে নয়। এমনই ইঙ্গিত দিয়েছেন রোনালদোর বড় বোন কাতিয়া আভেইরো। তার দাবি, ২০২৬ বিশ্বকাপই হতে যাচ্ছে পর্তুগিজ মহাতারকার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট।
শুক্রবার টরন্টোর বিএমও ফিল্ডে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে স্পোর্টস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কাতিয়া বলেন, ‘যতদিন ও মাঠে আছে, ততদিন উপভোগ করে নিন। কারণ এই পথচলা খুব দ্রুতই শেষ হতে যাচ্ছে। নির্ভরযোগ্য সূত্র থেকে আমি যা জেনেছি, এটাই ওর ‘লাস্ট ড্যান্স’। আমি মনে করি না আজই (ক্রোয়েশিয়ার বিপক্ষে) ও বিদায় বলবে। তবে সেই দিনটি খুব কাছেই। আমার বিশ্বাস, এই বিশ্বকাপই ওর বিদায়ের মঞ্চ।’
অবসরের জল্পনার মধ্যেই মাঠে আরও একটি ইতিহাস গড়েছেন রোনালদো। ৪১ বছর বয়সে বিশ্বকাপের নকআউট পর্বে গোল করা সবচেয়ে বয়স্ক ফুটবলার হয়েছেন তিনি। ম্যাচের প্রথমার্ধে অফসাইডের কারণে তার একটি গোল বাতিল হয়। তবে ৬৮ মিনিটে পেনাল্টি থেকে দলকে ১-১ সমতায় ফেরান পর্তুগিজ অধিনায়ক। একই সঙ্গে বিশ্বকাপের নকআউট পর্বে ক্যারিয়ারের প্রথম গোলেরও দেখা পান তিনি। এই গোলের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৩২ ম্যাচে ১৪৬টি। শেষ পর্যন্ত গনসালো রামোসের যোগ করা সময়ের গোলে ২-১ ব্যবধানে জয় পায় পর্তুগাল। নিশ্চিত হয় শেষ ষোলোর টিকিট।
যদি কাতিয়া আভেইরোর দাবি সত্যি হয়, তবে আন্তর্জাতিক জার্সিতে রোনালদোকে আর মাত্র কয়েকটি ম্যাচেই দেখা যাবে। এখন কোটি কোটি ফুটবলপ্রেমীর অপেক্ষা। বিশ্বকাপের শিরোপা জিতেই কি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন সিআরসেভেন?
