ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

নিমন্ত্রণপত্রে ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র কবিতা

নিমন্ত্রণপত্রে ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র কবিতা
×

ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ [১০ জুলাই ১৮৮৫–১৩ জুলাই ১৯৬৯]

সংগ্রহ ও ভূমিকা: নিজাম বিশ্বাস

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ০৮:০৪

| প্রিন্ট সংস্করণ

ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ (১৮৮৫-১৯৬৯) তাঁর ছোট কন্যা মস্রূরা খাতুনের বিয়ের দাওয়াতপত্র লিখেছিলেন কবিতার ভাষায়– ছন্দে ছন্দে। ১৩৪৫ বঙ্গাব্দের ৩০ আষাঢ়  বিয়ের দিন ধার্য করা হয়েছিল, সেই মোতাবেক ২২ আষাঢ়, ১৩৪৫ বঙ্গাব্দ (১৯৩৮ খ্রিষ্টাব্দ) তারিখে অতিথিদের নিমন্ত্রণ করা হয়। মুহম্মদ শহীদুল্লাহ্‌ তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তাঁর কন্যার বিয়ের আসর ছিল সেই বিশ্ববিদ্যালয়েরই ছাত্রাবাস– সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষক নিবাসে। সম্প্রতি সেই দাওয়াতপত্রের প্রথম পৃষ্ঠা উদঘাটন করা গেল। তাঁর পরিবারের সদস্যদের ভাষ্যমতে, দাওয়াতপত্রটি একটি ছোট পুস্তিকার আকারে ছিল, যেখানে পিতা মুহম্মদ শহীদুল্লাহ্‌ অতিথিদের নিমন্ত্রণ করার পাশাপাশি বর-কনের বিবরণ সুবিস্তৃত লিখেছিলেন।
এখানে দাওয়াতপত্রটির প্রথম পৃষ্ঠায় লেখা সেই কবিতাটি উল্লেখ করা হলো।

মহোদয়,
মস্রূরা কন্যার মম শুভ পরিণয়
শুক্রবার অপরাহ্ণ, ছ’টার সময়
তিরিশে আষাঢ়, হয়েছে অবধারিত
সৈয়দ মুজীবুল হক মিয়ার সহিত,
মৌলভী সৈয়দ আব্দুল আজীজ মিয়াঁ
মরহুমের তনয় পরাণ জিনিয়া।
আবুনগর নিবাস, জিলা চট্টগ্রাম;
বিদ্যাদান-ব্রতে ব্রতী বহুগুণধাম।
বিবাহ-সভায় আসি পদধূলি দানে
করিবেন আপ্যায়িত এই অভাজনে।

ইতি ২২শে আষাঢ়, ১৩৪৫

বিনীত 
মুহম্মদ শহীদুল্লাহ্

বিবাহ-আসর
আবাসিক শিক্ষক নিবাস
সলীমুল্লাহ্ মুসলিম হল
রমনা, ঢাকা 

আরও পড়ুন

×