যুক্তরাষ্ট্রে করোনায় মুন্সীগঞ্জের শাকিল ও তার বাবার মৃত্যু
বাঁ থেকে শফিকুল ইসলাম ও চিকিৎসক শাকিল। ছবি: ইউএনবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২০ | ০৯:৩৪
বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া ভয়ানক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসক শাকিল ও তার বাবা শফিকুল ইসলামের মৃত্যু হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটির একটি হাসপাতালে লড়াই করছেন শাকিলের মা রাশিদা খানম।
চিকিৎসক শাকিলের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের-বিক্রমপুরের লৌহজংয়ের কাজির পাগলা গ্রামে।
মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও কাজির পাগলা গ্রামের বাসিন্দা মো. অলিউর ইসলাম অলি সাংবাদিকদের এই তথ্য জানান। খবর ইউএনবির
মো. অলিউর ইসলাম অলি বলেন, যুক্তরাষ্ট্রে চিকিৎসক শাকিল ও তার বাবার মৃত্যুতে কাজির পাগলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের মহাসচিব (অর্থ ও পরিকল্পনা) আবুল বাসার বলেন, ‘শফিকুল আমার ক্লাস ফ্রেন্ড। তার মৃত্যুর সংবাদ আমাকে ব্যথিত করেছে। শফিক এক সময় ভাল ফুটবল খেলতো। কাজির পাগলা বাজারে তার সবচেয়ে বড় ওষুধের দোকান ছিল।’
তিনি বলেন, ‘১৯৭২ সালে আমরা কাজির পাগলা এটি ইনস্টিটিউশন থেকে একই সাথে এসএসসি পাস করি। ১৯৯১ সালে শফিক ডিবি ওয়ান লটারি পেয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে যায় এবং সেখানেই বসবাস করছিল। তারপরও এলাকার সবার সাথে তার ভালো যোগাযোগ ছিল। শফিক ও তার বাবার মরদেহ সেখানেই তাদের দাফন করা হচ্ছে বলে শুনেছি’।
