মালিকানা দাবি করে লাউয়াছড়া বনাঞ্চলের জমি বিক্রির সাইনবোর্ড
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৩ | ১২:০২ | আপডেট: ০৯ মে ২০২৩ | ১২:০৯
গতকাল সোমবার সেখানে জমি বিক্রির সাইনবোর্ড থাকলেও আজ মঙ্গলবার সেটি অপসারণ করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, লাউয়াছড়া বন সৃষ্টির পর থেকে এই জমি বন বিভাগের দখলে ছিল। এখন এই জমি ব্যক্তিমালিকানাধীন বলে বিক্রির জন্য সাইনবোর্ড টাঙানো হয়। এর আগেও এভাবে বনের অনেক জায়গা দখল করা হয়েছে।
জমির মালিকানা দাবি করা জাহেদুর রহমান চৌধুরীর সঙ্গে কথা বলতে সাইনবোর্ডে দেওয়া মোবাইল নম্বরে ফোন করা হলে শাহীন মিয়া নামে এক ব্যক্তি ফোন ধরেন। তিনি নিজেকে জাহেদুর রহমানের গাড়িচালক দাবি করে জানান, ওই জমির মালিক লন্ডনপ্রবাসী। তার বাসা শ্রীমঙ্গল শহরে। জাহেদুর রহমান ক্রয়সূত্রে এই জমির মালিক হয়েছেন।
তিনি বলেন, বন বিভাগের নির্দেশে জমির মালিকানা প্রমাণে মালিকের পক্ষ থেকে কাগজপত্র জমা দেওয়া হয়েছে। উল্লেখিত জমি বনের হয়ে থাকলে তা বনকে দিয়ে দেওয়া হবে।
এ বিষয়ে লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, এরই মধ্যে সাইনবোর্ড সরানো হয়েছে। বনের জায়গার পাশে যদি তার জায়গা থাকে তাহলে কাগজপত্র দেখানোর জন্য বলা হয়েছে। আবারও যদি সাইনবোর্ড টাঙানো হয় তবে মামলা দেওয়া হবে।
