ধনবাড়ীতে প্রেমিকার বাড়িতে প্রেমিক আটক
ফাইল ছবি
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২০ | ০২:২৫
টাঙ্গাইলের ধনবাড়ী এলাকায় প্রেমিকার বাড়িতে প্রেমিক রাসেলকে(২০) আটকে রাখা হয়েছে। প্রেমের এক পর্ায় তরুণী অন্তসত্ত্বা হলে বিয়ে করতে রাজি না হওয়ায় তাকে আটকে রাখা হয়।
ঘটনাটি ঘটেছে ধনবাড়ী পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ডের সিঙ্গাটা গ্রামে।
রাসেল পাশের উপজেলা গোপালপুরের হাদিরা বাজার এলাকার সৌদি প্রবাসী আব্দুর রাজ্জাকের ছেলে। রাসেল সিলেট পলিটেকনিক্যালে ইন্টারনিশিপ করছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ধনবাড়ী পৌর ভবনে রাসেলকে ছাড়িয়ে নিতে স্বজনরা দফায় দফায় বৈঠক করেছেন।
তরুণীর পরিবার সূত্রে জানা যায়, ওই তরুণীর সঙ্গে রাসেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক সময় তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হন এবং তা গোপনে মোবাইলে ভিডিও করে রাখেন রাসেল। ওই ভিডিওকে পুঁজি করে বেশ কয়েক মাস ধরে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন তিনি। তরুণী অন্তসত্ত্বা হয়ে পড়লে বিয়ের জন্য চাপ দেন রাসেলকে। এদিকে রাসেল ওই তরুণীকে গর্ভপাত করার জন্য বলেন। তরুণী এতে রাজি না হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন রাসেল। পরে রাজি হয়ে রাসেলকে বাড়িতে আসতে বলেন। বাড়িতে আসার পর তরুণীর পরিবার রাসেলকে আটক করেন।
পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছেলে ও তার পক্ষ রাজি না হওয়ায় বিয়ের আয়োজন করা যাচ্ছে না।
স্থানীয় কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুল মজিদ মিন্টু জানান, বিষয়টি রাতেই থানায় জানানো হয়েছিল। থানা থেকে বলা হয়েছিল সকালে বিষয়টি ম্যানেজ করতে।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) চান মিয়া জানান, বিষয়টি তিনি জেনেছেন। কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
