সিলেটে দুস্থদের জন্য ৫০ টন চাল বরাদ্দ
সিলেট ব্যুরো
প্রকাশ: ৩১ মার্চ ২০২০ | ০২:৩৯
করোনার প্রাদুর্ভাবের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সিলেট সিটি করপোরেশনকে (সিসিক) ৫০ টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।
মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এই বরাদ্দ দেওয়ার কথা নিশ্চিত করেছেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী।
তিনি জানিয়েছেন, নিম্ন আয়ের মানুষের মধ্যে এসব বিতরণ করা হবে।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সবকিছু বন্ধ থাকায় নগরীর শ্রমজীবী মানুষরা সমস্যায় পড়েছেন। জেলার উপজেলাগুলোতে সরকারের তরফে ত্রাণ সামগ্রী বিতরণ করা হলেও নগরীতে তা ছিল না। গত রোববার মেয়র আরিফুল হক চৌধুরী বিবৃতি দিয়ে ‘খাদ্য ফান্ড’ গঠনের কথা বলে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
সিসিকের তরফে বস্তিবাসী হতদরিদ্রদের সহায়তা না দেওয়ায় সচেতন মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়র-কাউন্সিলরদের তীব্র সমালোচনা করেন। সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী জানিয়েছেন, নগরীর ২৭ হাজার দরিদ্র পরিবারের জন্য খাদ্য সামগ্রী বিতরণের ব্যবস্থা করা হয়েছে। সেগুলো প্যাকেট করার কাজ চলছে। পর্যায়ক্রমে নগরীর ৬৫ হাজার দরিদ্র পরিবারে সিসিক সহায়তা দেবে বলে জানান তিনি।
