ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ভাণ্ডারিয়ায় জ্বরে স্কুলছাত্রের মৃত্যু, বাড়ি লকডাউন

ভাণ্ডারিয়ায় জ্বরে স্কুলছাত্রের মৃত্যু, বাড়ি লকডাউন
×

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

প্রকাশ: ৩১ মার্চ ২০২০ | ০৪:০৫ | আপডেট: ৩১ মার্চ ২০২০ | ০৯:৪৩

পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলার ধাওয়া ইউনিয়নের পূর্ব ধাওয়া গ্রামে জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথা নিয়ে সবুজ হাওলাদার (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এরপর থেকে করোনাভাইরাস আতঙ্কে ভুগছেন এলাকাবাসী। এলাকার অন্তত পাঁচশ’ ঘরের বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মৃতের পরিবারসহ সংলগ্ন পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ওই যুবকের মৃত্যু হয়। সবুজ ধাওয়া গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের ছেলে।

পিরোজপুরের সিভিল সার্জন হাসানাত ইউসুফ জাকি বলেছেন, সবুজের শরীর থেকে রক্তসহ নমুনা সংগ্রহ করে এ মৃত্যু করোনাভাইরাসজনিত কি-না তা নিশ্চিত হতে পরীক্ষার জন্য ঢাকায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। 

ধাওয়া ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু জানিয়েছেন, এ ঘটনার পর এলাকায় অন্তত পাঁচশ’ ঘরের বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম জানান, সবুজ পাঁচদিন ধরে জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন। মঙ্গলবার তার নাক মুখ থেকে রক্ত বের হওয়ার কিছুক্ষণ পরে দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতেই সে মারা যায়। সবুজের দেহে সম্ভাব্য করোনাভাইরাসের সংক্রমণ কমিউনিটি থেকে ঘটতে পারে বলে তার ধারণা করা হচ্ছে। 

খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, থানার ওসি এস এম মাকসুদুর রহমান ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান টুলু প্রমুখসহ তিনি ঘটনাস্থলে যান। 

সবুজের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফনের আগে বাবা-মা গোসল করান এবং ঘরের মধ্যে জানাযা সম্পন্ন করা হয় বলে ইউপি চেয়ারম্যান জানান। 

ডা. জহিরুল ইসলাম আরও জানান, মৃত সবুজের বাড়ির অন্যান্য ঘরের বাসিন্দাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলে সতর্কতার সঙ্গে তাদের প্রয়োজনীয় খাদ্য পৌঁছে দেওয়া হয়েছে।  

ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, এ ঘটনায় মৃতের পরিবার ছাড়াও সংলগ্ন পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে। 


আরও পড়ুন

×