ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মুরাদনগরে প্রাইভেটকার খালে পড়ে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

মুরাদনগরে প্রাইভেটকার খালে পড়ে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
×

দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার- সমকাল

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২০ | ০৪:৫৩

কুমিল্লার মুরাদনগরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে স্বামী-স্ত্রী ও চালকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার দৌলতপুর-মাধপুর সড়কের কোরবানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ব্রহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপার গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২৭), তার স্ত্রী পাশ্ববর্তী বাঘাউড়া গ্রামের আবুবকর ছিদ্দিকের মেয়ে পারভীন আক্তার (২৩) এবং গাড়ি চালক নোয়াখালীর কবিরহাট উপজেলার সোনাদিয়া গ্রামের আবুল বাশারের ছেলে আব্দুর রহমান (২৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত সাদ্দাম হোসেন তার শশুর আবু বকরের মৃত্যুর সংবাদ শুনে মঙ্গলবার সকালে স্ত্রী পারভিন আক্তারকে নিয়ে চট্রগ্রাম থেকে প্রাইভেটকারযোগে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার বাগাউড়ায় শশুর বাড়িতে যাচ্ছিলেন। দুপুরে উপজেলার মাধবপুর-দৌলতপুর সড়কের কোরবানপুর বাজার এলাকার মোড়ে এসে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হয়। খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×